কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত নাম বদলে নতুন নাম দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ‘এআই ফোর্স’ নামে নতুন একটি ব্যবস্থা গঠনের ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি একজন ‘এআই জার’ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাধিক পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, অনেকেই মনে করেন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ নামটি প্রযুক্তিটির জন্য যথাযথ নয়। এরপর অনুসারীদের মতামত জানতে একটি ভোটের আয়োজন করেন তিনি। সেখানে নতুন নাম হিসেবে তিনটি বিকল্প রাখা হয়— সুপিরিয়র ইন্টেলিজেন্স, এক্সট্রিম ইন্টেলিজেন্স ও সুপ্রিম ইন্টেলিজেন্স। প্রতিবেদন প্রকাশের সময় ভোট চলছিল।
এর কয়েক ঘণ্টা পর আরেকটি পোস্টে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংস বা দুর্বল করার চেষ্টা নিয়ে অভিযোগ করেন। তিনি এটিকে ডেমোক্র্যাটদের বিভিন্ন ‘হোক্স’ বা ভিত্তিহীন প্রচেষ্টার সঙ্গে তুলনা করেন। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে টেকক্রাঞ্চ জানিয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের মধ্যেই তথ্যকেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা রয়েছে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যও বড় তথ্যকেন্দ্র নির্মাণের নতুন অনুমোদন সাময়িকভাবে বন্ধ করেছে। ট্রাম্প এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থায় কিছু নিয়ন্ত্রণ বা নিরাপত্তাবিধি থাকার বিষয়ে আগ্রহের কথা বলেছিলেন। তবে একই সঙ্গে তিনি প্রযুক্তিটির বিরুদ্ধে যে উদ্বেগ তৈরি হচ্ছে তার কিছু অংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। শনিবারের পোস্টে ট্রাম্প বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে সহায়তা করবেন এবং এর বিকাশের দিকে নজর রাখবেন। একই সঙ্গে তিনি ‘এআই ফোর্স’ গঠনের কথা জানান।
এটি তার প্রথম মেয়াদে গঠিত ‘স্পেস ফোর্স’-এর আদলে হবে বলে উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও জানান, শিগগিরই একজন ‘এআই জার’ নিয়োগ করা হবে। তবে এই পদ বা ‘এআই ফোর্স’-এর নির্দিষ্ট দায়িত্ব কী হবে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। এর আগে ডেভিড স্যাকস ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্রিপ্টো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
চলতি বছরের শুরুতে তিনি ওই দায়িত্ব ছাড়েন এবং প্রেসিডেন্টের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ‘এআই ফোর্স’ কীভাবে কাজ করবে, এর সাংগঠনিক কাঠামো কী হবে এবং প্রস্তাবিত ‘এআই জার’-এর দায়িত্ব কী থাকবে এসব বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা আসেনি।
ডিসি/আপ্র/২০/০৯/২০২৬