‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অতিথি হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের।
শোটির কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার এবং প্রযোজনা করেছেন ইশতি আহমেদ। সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ কেবল একটি সাধারণ সেলিব্রিটি টকশো নয়; এটি তারকাদের জীবনের এক অন্যরকম জার্নির গল্প।
গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় উঠে আসবে তারকাদের সাফল্যের পথচলা (রোড টু সাকসেস), তাদের প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়ি নিয়ে তাদের নানা স্মৃতির কথা।
তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শোটিতে যুক্ত করা হয়েছে মানবিক উদ্যোগ। কিছু কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস রাখা হয়েছে, যা এই শোটিকে সাধারণ বিনোদনের চেয়ে কিছুটা আলাদা মাত্রা দেবে।
‘লং ড্রাইভ’ খুব শিগগিরই অফিশিয়ালি অন এয়ার হবে ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এছাড়া দর্শকরা এই শো উপভোগ করতে পারবেন স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তে।
ডিসি। আপ্র। ২৪-০৯-২০২৬