গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৩ এএম ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলার জন্য মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের খাজা গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সজল নামের এক ব্যক্তি ফেসবুকে ওই পোস্ট দেন। একই সঙ্গে তিনি নিজেকে বিএল কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। পোস্টটির সত্যতা ও ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে খাজা গেট এলাকায় ডেকে আনেন।

অভিযুক্তকে নিয়ে উত্তেজনা

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিনুল হক আবির বলেন, অভিযুক্ত সজলকে প্রাথমিকভাবে নিয়ে আসার চেষ্টা করা হলে স্থানীয় কয়েকজন এতে বাধা দেন। তারা নিজেদের বিএনপি, স্বেচ্ছাসেবক দল বা স্থানীয় ট্রাকস্ট্যান্ডের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে বিতর্কিত পোস্টটি তাদের সামনে পড়ে শোনানো হলে স্থানীয়রাই ওই যুবককে মারধর শুরু করেন।

তিনি বলেন, পোস্টটি বিশ্ববিদ্যালয়সংক্রান্ত হওয়ায় শিক্ষার্থীদের মূল দাবি ছিল বিষয়টির সুরাহা যেন বাইরের কেউ না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষার্থীরা ওই যুবককে উদ্ধার করে নিরাপত্তার জন্য ক্যাম্পাসের গেটের ভেতরে নিয়ে আসেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে খবর দেন।

গেটে ধাক্কাধাক্কি, যুবককে টেনে নেওয়ার অভিযোগ

আর্কিটেকচার ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ রাতুল বলেন, ফেসবুক পোস্টের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কথা বলতে গেলে সেখানে স্থানীয় দুই-তিনজন মুরুব্বি উপস্থিত ছিলেন। পরে তাদের খাজা গেটে আসতে বলা হলে অভিযুক্ত যুবকসহ তারা সেখানে আসেন। খাজা গেটে বসে কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে থাকা দুজন হঠাৎ ওই যুবককে মারধর শুরু করেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা তাদের থামানোর চেষ্টা করে যুবকটিকে ক্যাম্পাসের গেটের ভেতরে নিয়ে আসার চেষ্টা করেন। তখন বাইরে থাকা কয়েকজন বহিরাগত গেটে ধাক্কাধাক্কি শুরু করেন এবং জোরপূর্বক গেট সামান্য ফাঁকা করে যুবকটিকে টেনে বের করে নিয়ে যান। পরে দৌড়ে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় গিয়ে তাকে পুনরায় ধরে এনে ডিএসএর কাছে হস্তান্তর করা হয়।

ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ

শিক্ষার্থীদের দাবি, সজলের সঙ্গে কথা বলার একপর্যায়ে তার মোবাইল ফোনে মাদকসংক্রান্ত কথোপকথন ও বার্তার তথ্য পাওয়া যায়। এ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা বাবু, মনিরুজ্জামান লেলিন ও রহিমের নেতৃত্বে পরে বাইরের কিছু লোকজনকে সেখানে নিয়ে আসা হয়। ওই ব্যক্তিকে মারধর করে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তাকে ফিরিয়ে এনে বিষয়টি নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার দাবি জানান।

একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে আসা লোকজন শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করে এবং তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার জন্য লোকজন জড়ো করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা জানান, ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা ঘটনাস্থল থেকে সরে যান। পরে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন সরে যায়।

পুলিশ হেফাজতে সজল

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া সজলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টির সুষ্ঠু তদন্তের অনুরোধ করেছেন।

তিনি আরো বলেন, মসজিদে মাইকিং করে এ ধরনের ঘোষণা কারা দিয়েছে এবং কারা এর পেছনে দায়ী, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আনুষ্ঠানিকভাবে যে অভিযোগ দায়ের করা হবে, সেখানেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, উভয় পক্ষের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা পরে আলোচনা করে সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাত বছর বেতনহীন শিক্ষক-কর্মচারী, তবু চলছে বিশ্ববিদ্যালয় স্কুল
০৩ অক্টোবর ২০২৬

সাত বছর বেতনহীন শিক্ষক-কর্মচারী, তবু চলছে বিশ্ববিদ্যালয় স্কুল

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০১৭ সালে যাত্রা শুরু করে গোপালগঞ্জ বিজ্ঞান ও...

আবু সাঈদ হত্যায় বেরোবিতে তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
০১ অক্টোবর ২০২৬

আবু সাঈদ হত্যায় বেরোবিতে তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনা...

বিসিএসের বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না
০১ অক্টোবর ২০২৬

বিসিএসের বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পা...

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
০১ অক্টোবর ২০২৬

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে