যশোরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে এক মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংসদ সদস্যের বাড়ির সামনে বিক্ষোভের একপর্যায়ে হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল থেকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় কয়েকশ নারী-পুরুষ যশোর–নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বলে জানিয়েছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার পুলিশ বলছে, সংসদ সদস্যের বাড়ির সামনে অবস্থিত একটি মাদ্রাসাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, যশোর–৪ (বাঘারপাড়া–অভয়নগর) আসনের সংসদ সদস্য গোলাম রসুলের শহরের বাড়ির সামনে আল মাদ্রাসাতুশ শারইয়াহ নামের একটি মাদ্রাসা রয়েছে। সোমবার সকালে সংসদ সদস্যের মেয়ে ওই মাদ্রাসায় গিয়ে আয়ান নামের এক শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি সংসদ সদস্য গোলাম রসুলকে জানালে তিনি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসা খুললে সংসদ সদস্যের মেয়ে তালা নিয়ে সেটি বন্ধ করতে যান। এ সময় বাধা দিলে তিনি এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ওই অভিভাবক রেক্সেনা আহত হয়ে রক্তাক্ত হন। পরে অভিভাবক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে জানালার কাচ ভেঙে যায় বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকার পরও সেখানে বিভিন্ন সময় শিশুরা এসে গোলযোগ করায় তাঁর মেয়ে বিষয়টির প্রতিবাদ করেছিলেন।
তিনি বলেন, “এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয় একটি মাদ্রাসাকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য গোলাম রসুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সানা/ডিসি/আপ্র/২৮/৭/২০২৬