খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্তের একজন দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায় গুলি করেন। পরে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে এসে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরকের দোকানের পাশে থামেন। তখন দোকানে বসে ছিলেন জাকির হোসেন। মোটরসাইকেল থেকে নেমে তাঁদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকিরের মাথায় গুলি করেন। এরপর দুজনই মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ জাকিরকে স্থানীয় লোকজন উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ওই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্য ছিলেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম চলছে।
এদিকে খুলনায় একের পর এক গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ বাড়ছে। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২০ দিনে জেলায় ১৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ছয়জন। এ ছাড়া একই সময়ে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।
সব মিলিয়ে ২০ দিনে খুলনা মহানগর ও জেলায় নয়টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে পাঁচটি খুলনা নগরে এবং বাকি চারটি রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা নগরে ৩৯টি এবং জেলায় ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সে হিসাবে চলতি বছরে মহানগর ও জেলায় মোট হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯।
একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেলেও গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা থামছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬