টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম এবং টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে। একই সময়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে আরো ১৪ জনকে গ্রেফতার করে। দুই থানার পৃথক অভিযানে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ২৮ জনে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ এবং এসব দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/১৩/১১/২০২৬