মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজার ও মাটি কাটার পাইপ ভেঙে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া এ অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে পৃথকভাবে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বল্লা, সল্লা ও পাইকরা ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে নদীর তীর ভাঙন, আবাদি জমির ক্ষতি এবং পরিবেশের মারাত্মক অবনতি ঘটছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজার ও মাটি কাটার পাইপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ উত্তোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে পৃথক মামলায় তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ক্ষতিসাধনকারী এবং অবৈধ বালু-মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা এবং গ্রামীণ অবকাঠামো সুরক্ষায় প্রশাসন তৎপর রয়েছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬