চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় নিজ বাসা থেকে নূর নাহার বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখে হালকা লালচে দাগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে তাঁর এক ছেলের মৃত্যু হয়েছিল। নূর নাহার নিজেও দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারে ভুগছিলেন।
গত বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির সরকারি পুকুরপাড়সংলগ্ন বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরও বাসার পেছনের লোহার দরজা খোলা দেখে কয়েকজন ভাড়াটে ভেতরে যান। নূর নাহারের শোবার ঘরের দরজাও খোলা ছিল। ঘরে ঢুকে তাঁরা বিছানায় তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, নূর নাহারের এক ছেলে প্রায় ৪৫ দিন আগে রক্তের ক্যানসারে মারা যান। তাঁর আরেক ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি প্রতিদিন সকাল সাতটার দিকে কর্মস্থলে যান এবং সন্ধ্যায় বাসায় ফেরেন। দিনের বেলায় নূর নাহার বাসায় একাই থাকতেন। গতকাল সকালে কর্মস্থলে যাওয়ার সময় মায়ের সঙ্গে কথা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছেন ওই ছেলে। তাঁর এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরাম উল্লাহ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নূর নাহারের মুখে হালকা লালচে দাগ থাকলেও শরীরে অন্য কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি আরো বলেন, নিহত নারীর ব্যবহৃত দুটি মুঠোফোন পাওয়া যাচ্ছে না বলে তাঁর ছেলে জানিয়েছেন। বাসার পেছনের লোহার দরজা খোলা থাকার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ওই দরজা দিয়ে মূলত ভাড়াটেরা যাতায়াত করতেন। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
সানা/আপ্র/২৯/১০/২০২৬