মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি জমি দখল করে পরিচালনা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় একটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার দেওহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে করাতকলটি উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দেওহাটা বাজারে কাজী সাইদুর রহমানের করাতকলটি দীর্ঘদিন ধরে সরকারি পেরিফেরিভুক্ত জমি দখল করে পরিচালিত হচ্ছিল। এ ছাড়া করাতকল পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হন মালিকপক্ষ। এসব কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করাতকলটি পুরোপুরি উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য এবং বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মির্জাপুর উপজেলায় গড়ে ওঠা অবৈধ করাতকলগুলোর হালনাগাদ তালিকা তৈরির কাজ চলছে। পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধভাবে পরিচালিত এসব করাতকলের বিরুদ্ধে পর্যায়ক্রমে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৮/১০/২০২৬