ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা রাস্তার পাশে বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর থানা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল হাসান মাসুদ।
পুলিশ জানায়, গোপন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাদল ইউনিয়নে বিশেষ অভিযান চালানো হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে উপপরিদর্শক আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় কুচলিয়া গ্রামে তল্লাশি শুরু করে। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে পাকা রাস্তার পাশে একটি বটগাছের নিচে লুকিয়ে রাখা বস্তাটি পাওয়া যায়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি, একটি হাতলসহ ছুরি এবং বিভিন্ন আকারের তিনটি ধারালো দা উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, হাদল ইউনিয়নের প্রত্যন্ত ও বিল অধ্যুষিত এলাকায় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার তথ্য রয়েছে। এসব গোষ্ঠীর বিরুদ্ধে জলাশয় ও ভূমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই এলাকায় অতীতেও কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে। পাশাপাশি হত্যা ও গুমের মতো ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এসব ঘটনায় ফরিদপুর থানায় অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সানা/আপ্র/২৯/৯/২০২৬