টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরজিনা নামে আরেক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে চারটার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াছিন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের বাসিন্দা। আয়েশা খাতুন মো. চান মিয়ার স্ত্রী এবং ইয়াছিন তার ছেলে।
নিহতদের স্বজনেরা জানান, রোববার ময়মনসিংহের মুক্তাগাছার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। বিকেলে আলম এশিয়া পরিবহনের একটি বাসে করে তারা টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কে এসে নামেন। পরে আয়েশা খাতুন, ইয়াছিন ও আরজিনা পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় গাজীপুর থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। আহত আরজিনা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ড ভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ কাভার্ড ভ্যানটিও জব্দ করেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সানা/আপ্র/২৭/৯/২০২৬