রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানমের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে উপজেলার সীতার ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কাপ্তাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, নদীতে পড়ে যাওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে সানমকে পাওয়া যায়। পরে মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।
সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে আসা নয়জনের একটি দল রোববার সকালে সীতার পাহাড়ে ওঠে। পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামলে মুহূর্তের মধ্যে সানম স্রোতে তলিয়ে যান। স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হলে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান বলেন, দলটির মধ্যে সানমই একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী; অন্যরা তার স্কুলজীবন ও এলাকার বন্ধু। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২১/৯/২০২৬