নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ার পর অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে জ্ঞান হারানো ১৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর সপ্তম শ্রেণির চার ছাত্রী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলে পরে জ্ঞান ফিরে আসে। এর কিছুক্ষণ পর বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষেও ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২), জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩) ও পারভিন আক্তার (১৫)–এর নাম জানা গেছে। তাদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালী গ্রামে।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী মেডিকেল অফিসার মানসুর উদ্দিন জানান, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে মোট ১০ জন শিক্ষার্থীকে আনা হয়েছে। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের তখনো জ্ঞান ফেরেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, প্রথমে যারা জ্ঞান হারিয়েছিল, তাদের বাড়িতে নেওয়ার পর জ্ঞান ফিরে আসে। পরে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও তাদের অনেকের জ্ঞান ফেরেনি। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে, তা তিনি বলতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা চিকিৎসক রবিউল ইসলাম নিলয় বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোগীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে শ্রেণিকক্ষে ঝাঁঝালো গন্ধের কারণে তারা অসুস্থ হয়ে পড়ার কথা জানা গেছে।
এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। এ সময় হাসপাতালে সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয়।
তবে শ্রেণিকক্ষে কী ধরনের গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এসি/আপ্র/০৭/০৯/২০২৬