গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১২:২১ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৫২ এএম ২০২৬
৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া রওনক এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয়
ছবি

ছবি সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম রমনাথপুর। গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, গড়াই নদীর পেরিয়ে উপজেলা শহর। সেখানেই অবস্থিত উপজেলার একমাত্র সরকারি বিদ্যালয় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিদিন বাইসাইকেলে সেই পথ পাড়ি দিয়ে স্কুলে যেতো রওনক হাসান। রোদ-বৃষ্টি-ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারেনি। আর সেই অদম্য ইচ্ছাশক্তির পুরস্কারই পেল সে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১২৫০ নম্বরের মধ্যে ১২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রওনক। তার রোল নম্বর ১২৩৭৫৪। সে রমনাথপুর গ্রামের শিক্ষক দম্পতি হাসানুল হাবীব ও রূপালী খাতুনের প্রথম সন্তান। অবিশ্বাস্য মনে হলেও সত্য এই ডিজিটাল যুগে এসেও রওনক হাসানের নেই কোনো স্মার্টফোন। নেই ফেসবুক অ্যাকাউন্টও। অবসর সময় কাটত বই আর খাতার সঙ্গে।

রওনক জানায়, ‘আমার কোনো স্মার্টফোন নেই, ফেসবুকও নেই। অবসর সময়ে বই পড়তাম। গান গাইতেও ভালো লাগে। শিক্ষক আর বাবা-মা সবসময় পাশে ছিল। আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা।’

তার ভাষ্য, সে নিয়মিত পাঁচ থেকে ছয় ঘণ্টা পড়াশোনা করত। প্রাইভেট কোচিংয়ে খুব একটা পড়েনি। তবে বিদ্যালয়ে নিয়মিত যেত।

মায়ের অনুপ্রেরণা, বাবার শাসন:
রওনকের মা রূপালী খাতুন রমনাথপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা হাসানুল হাবীব কুমারখালীর ডাঁসা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক। সন্তানের সাফল্যে তারা গর্বিত।

বাবা হাসানুল হাবীব বলেন, ‌‘ও ছোটোবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। মোবাইল-ফেসবুকের দিকে ঝোঁক ছিল না। আমরা শুধু পাশে থেকে সাহস দিয়েছি। ওর এই সাফল্য আমাদের এলাকার জন্য গর্বের।’

মা রুপালী খাতুন বলেন, ‘ওকে কখনও পড়ার কথা বলা লাগেনি। পাঁচ-ছয় ঘণ্টা নিয়মিত ও ইচ্ছে মতো পড়ত। ভেবেছিলাম পরীক্ষায় ভালো করবে। তবে বোর্ডের দ্বিতীয় হবে তা কল্পনার বাইরে। সবাই ওর জন্যে দোয়া করবেন।

১৯০০ সালে প্রতিষ্ঠিত স্কুলের গর্ব রওনক:
১৯০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো কোনো শিক্ষার্থী বোর্ডের মেধাতালিকায় স্থান করে নিলো। এতে গর্বিত স্কুলের শিক্ষকরাও। চলতি বছর ১৭৭ জনের মধ্যে ১৬৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ ৫ অর্জন করেছে ২০ জন।

সহকারী শিক্ষক শরিফুল ইসলাম বলেন, ‘রওনক খুবই মেধাবী ও পরিশ্রমী। ক্লাসে নিয়মিত ছিল। কোনোদিন পড়া ফাঁকি দেয়নি। গড়াই নদীর ওপারের প্রত্যন্ত গ্রাম থেকে নিয়মিত বিদ্যালয়ে আসত। ওর সাফল্য আমাদের স্কুলের জন্য মাইলফলক।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘১২৫০ নম্বরের মধ্যে ১২২১ নম্বর পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় হয়েছে রওনক। তার এই সাফল্য আমাদের অন্যান্য শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা চাই রওনকের মতো আরও অনেকে এগিয়ে আসুক।’

রোববার (১৬ আগস্ট) কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন। তিনি বলেন, ‘প্রতিকূলতাকে জয় করার গল্পের নাম রওনক হাসান। নেই প্রযুক্তির বাড়াবাড়ি, আছে স্বপ্ন। নেই বিলাসিতা, আছে কঠোর পরিশ্রম। উৎসাহদানে রওনকসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।’

যশোর বোর্ড ও জেলায় দ্বিতীয় এবং খোকসায় প্রথম স্থান অর্জন করেছে রওনক হাসান। এ তথ্য জানালেন খোকসা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘৫ কিলোমিটার সাইকেল চালানো সেই ছেলেটি আজ প্রমাণ করলো, ইচ্ছা থাকলে উপায় হয়। খোকসার রওনক এখন শুধু একটি নাম নয়। সে অনুপ্রেরণা। সে প্রমাণ করল গ্রাম থেকেও আকাশ ছোঁয়া যায়।’

এসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে