লাহিরু কুমারার লেংথ ডেলিভারিতে অফ স্টাম্পের দিকে সরে গিয়ে পুল করলেন রিশাভ পান্ত। ডিপ ফাইন-লেগ সীমানায় দাঁড়ানো ফিল্ডার লাফিয়েও বলের নাগাল পেলেন না। এই ছক্কায় পূর্ণ হলো পান্তের ফিফটি, অন্যরকম এক সেঞ্চুরিও। টেস্ট ক্রিকেটে পান্তের শততম ছক্কা এটি। ভারতের প্রথম ও বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী ক্রিকেটার।
তবে এই চার জনের মধ্যে ম্যাচ, ইনিংস, বল, অভিষেক থেকে দিনের হিসাব- সবদিক থেকে তিনিই দ্রুততম হিসেবে এই মাইলফলক ছুঁলেন।
৫০ টেস্টে ৯৭ ছক্কা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে খেলতে নামেন পান্ত। প্রথম ইনিংসে তিনি ছক্কা মারেন একটি। মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ৬৯ বলে ৬৬ রান করার পথে দুটি ছক্কা মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান এই কিপার-ব্যাটসম্যান।
১০০ ছক্কা নিয়ে এই তালিকায় অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন পান্ত। তাদের ওপরে আছেন বেন স্টোকস (১৩৮) ও ব্রেন্ডন ম্যাককালাম (১০৭)। স্টোকসের চেয়ে ৩১ ম্যাচ কম এবং গিলক্রিস্টের চেয়ে ৪১ ইনিংস, এক হাজার ৬৬০ বল ও অভিষেক থেকে দিনের হিসাবে ১৪ দিন কমে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করলেন পান্ত।
স্টোকসের লেগেছিল ৮২ ম্যাচ, পান্তের লাগল ৫১টি। গিলক্রিস্টের লেগেছিল ১৩০ ইনিংস ও ছয় হাজার ৫৭৮ বল, পান্তের ৮৯ ইনিংস ও চার হাজার ৯১৮ বল। অভিষেক থেকে দুই হাজার ৯৩৩ দিনে মাইলফলকটি ছুঁয়েছিলেন গিলক্রিস্ট, এখানে পান্তের লাগল দুই হাজার ৯১৯ দিন।
মজার ব্যাপার, পান্তের অভিষেক হয়েছিল ২০১৮ সালের ১৮ অগাস্ট। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির প্রথম দিনে মুখোমুখি দ্বিতীয় বলে ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন তিনি। আট বছর পর একই দিনে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করলেন এই বাঁহাতি। ২০২৫ সালের শুরু থেকে পান্তের ছক্কা মারার দক্ষতা অন্য মাত্রায় পৌঁছে গেছে। এই সময়ে তিনি ১৬ ইনিংসে ছক্কা মেরেছেন ৩২টি, শুধু ২০২৫ সালেই ১৩ ইনিংসে মেরেছেন ২৬টি।
এই ১৬ ইনিংসের ১৪টিতেই তিনি অন্তত একটি করে ছক্কা মেরেছেন, যার মধ্যে এক পর্যায়ে টানা সাত ইনিংসেও ছক্কা আছে। গত বছর তার বেশিরভাগ ছক্কাই ছিল ইংল্যান্ড সফরে (সাত ইনিংসে ১৭টি); কোনো একটি টেস্ট সিরিজে কেবল দুজন ব্যাটসম্যান তার চেয়ে বেশি ছক্কা মেরেছেন। পান্ত তার ৮৯ ইনিংসের ৪৩টিতেই অন্তত একটি করে ছক্কা মেরেছেন।
স্পিনারদের বিপক্ষে আধিপত্যের কথা উল্লেখ না করলে পান্তের ছক্কা মারার বিষয়টি হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তার ১০০টি ছক্কার মধ্যে ৭৬টিই এসেছে স্পিনের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে স্পিনারদের বিপক্ষে পান্তের চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল স্টোকস (৯০) ও মিসবাহ-উল-হাক (৭৯)। পান্তের বিপক্ষে সবচেয়ে বেশি ভুগেছেন ইংল্যান্ডের দুই স্পিনার জ্যাক লিচ ও শোয়েব বাশির।
এই দুজনের বলে পান্তের ছক্কা ৯টি করে, এরপর ন্যাথান লায়নের বলে সাতটি। ছক্কা মারার এই ফর্ম বিবেচনা করলে, এক বা দুই বছরের মধ্যেই হয়তো এই তালিকার শীর্ষে উঠে যাবেন পান্ত।
ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬