গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মেনু

সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২ পিএম, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৪৭ এএম ২০২৬
সুদসহ কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক
ছবি

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। এতে ঋণের বোঝা থেকে স্বস্তি পেয়েছেন প্রান্তিক কৃষকেরা। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন অর্থপ্রবাহ সৃষ্টি এবং কৃষকদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

সরকারের পক্ষ থেকে এসব কৃষকের ঋণের আসল ও সুদ বাবদ মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া কৃষকদের বকেয়া আসল ও সম্পূর্ণ সুদ মওকুফের আওতায় আনা হয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার ও কৃষকবান্ধব নীতির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারের প্রতিকূল পরিস্থিতিতে থাকা অনেক প্রান্তিক কৃষক ঋণ পরিশোধ করতে না পেরে খেলাপি হয়েছিলেন। ফলে নতুন করে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রেও তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছিল। ঋণ মওকুফের ফলে তাঁরা সেই চাপ থেকে মুক্ত হয়ে আবার কৃষিকাজে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি চড়া সুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কৃষকদের কাছে বড় স্বস্তি

কৃষিঋণ মওকুফের সুফল তুলে ধরে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, সুদসহ কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত প্রান্তিক কৃষকদের জন্য বড় উপহার। এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, কৃষক বাঁচলে উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা শক্তিশালী হবে। তাই কৃষকদের টেকসইভাবে স্বাবলম্বী করতে উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করা এবং ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

অধ্যাপক আবু আহমেদ আরও বলেন, দেশে খাদ্যসংকট দেখা দিলে বিদেশ থেকে বেশি দামে খাদ্য আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে খাদ্যের সংকট তৈরি হলে ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশগুলো চড়া দামে খাদ্য বিক্রি করে। অতীতেও এ ধরনের পরিস্থিতি দেখা গেছে। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।

তবে শুধু ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের সব সমস্যার সমাধান হবে না বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, কোনো কোনো কৃষকের ঋণের পরিমাণ ২০ হাজার, ৩০ হাজার বা ৫০ হাজার টাকা কিংবা তারও বেশি হতে পারে। তারপরও ঋণ মওকুফের এ উদ্যোগ কৃষকদের উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি দেবে।

ঋণের চাপ থেকে মুক্তির অভিজ্ঞতা

যশোর সদর উপজেলার কয়েকজন কৃষকের অভিজ্ঞতায় উঠে এসেছে ঋণ মওকুফের বাস্তব প্রভাব। তাঁরা জানান, দীর্ঘদিন ঋণ পরিশোধের দুশ্চিন্তায় থাকার পর সরকারের এ সিদ্ধান্ত তাঁদের স্বস্তি দিয়েছে।

উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গলী গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, ১০ হাজার টাকা ঋণ নিয়ে খেলাপি হওয়ায় দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন তিনি। ঋণ শোধ করতে বাড়ির গাছ কিংবা গোয়ালের গরু বিক্রির কথাও ভেবেছিলেন। কিন্তু ঋণ মওকুফ হওয়ায় তাঁকে আর এসব সম্পদ বিক্রি করতে হয়নি।

ফারুক হোসেন বলেন, ‘আমার মতো মানুষের ওপর থেকে বড় একটা বোঝা নেমে গেছে। বিপদের সম্বল বাড়ির গাছ, গরু কিছুই বিক্রি করতে হয়নি।’

একই উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝাউদিয়া গ্রামের কৃষক মো. মহিউদ্দিন বলেন, ১০ হাজার টাকা ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় তিনি খুব চাপের মধ্যে ছিলেন। নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করতে পারলে এই ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিল বলেও জানান তিনি।

মহিউদ্দিন বলেন, ‘আমার বিক্রি করার মতো কিছুই নেই। কোনোভাবেই এই ঋণ শোধ করতে পারতাম না। সরকার আমাকে বাঁচিয়ে দিয়েছে।’

এ ছাড়া উপজেলার চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী এবং আরবপুর ইউনিয়নের মালঞ্চী গ্রামের কৃষক হায়দার আলীও ঋণ মওকুফের বিষয়ে তাঁদের স্বস্তির কথা জানিয়েছেন।

কৃষি ব্যাংকের মাধ্যমে বেশি সুবিধা

দেশব্যাপী এ কর্মসূচির বড় অংশের সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটি ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন প্রান্তিক কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকা কৃষিঋণ মওকুফ করেছে।

অন্যদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অন্যান্য রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সুবিধা পেয়েছেন আরও ৭ লাখ ২৪ হাজার ৮০৩ জন কৃষক। তাঁদের জন্য সরকার প্রায় ৭৪৭ কোটি ৯৩ লাখ টাকা ঋণ মওকুফ নিশ্চিত করেছে।

১০ হাজার টাকা পর্যন্ত আসল ও সুদসহ কৃষিঋণ মওকুফের প্রক্রিয়াটি সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সমন্বয়ে নির্ধারিত দাপ্তরিক নীতিমালা অনুসারে সম্পন্ন হয়েছে। কৃষকদের বাড়তি হয়রানি এড়াতে ব্যাংকগুলো সরাসরি এ প্রক্রিয়া পরিচালনা করছে।

কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ানোর লক্ষ্য

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ছিল ১১ দশমিক ৮৫ শতাংশ। অথচ কৃষি ও পল্লি খাতে ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল তাদের মোট ঋণ ও অগ্রিমের মাত্র ২ দশমিক ২৩ শতাংশ এবং নিট ঋণ ও অগ্রিমের ২ দশমিক ৯৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি খাতে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলোর নিট ঋণ ও অগ্রিমের ৪ শতাংশের সমপরিমাণ এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৫৩ দশমিক ৮৫ শতাংশ বেশি।

২০২৫-২০২৬ অর্থবছরে ব্যাংকগুলো কৃষি ও পল্লি খাতে ৪২ হাজার ৮৩৪ কোটি ১৬ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। ওই অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার কোটি টাকা। এর আগের ২০২৪-২০২৫ অর্থবছরে এ খাতে ঋণ বিতরণের পরিমাণ ছিল ৩৭ হাজার ৩২৬ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ৫ হাজার ৫০৭ কোটি ৬৪ লাখ টাকা বা ১৪ দশমিক ৭৬ শতাংশ।

গ্রামীণ অর্থনীতিতে নতুন অর্থপ্রবাহের আশা

সংশ্লিষ্টদের মতে, ঋণখেলাপি হওয়ার কারণে যেসব কৃষক নতুন করে ব্যাংকঋণ পাচ্ছিলেন না, তাঁরা ঋণ মওকুফের ফলে আবার আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরতে পারবেন। এতে চড়া সুদের মহাজনি ঋণের ওপর নির্ভরতা কমার পাশাপাশি কৃষিকাজে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, সরকার সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ঋণ মওকুফের অর্থ পরিশোধ করায় গ্রামীণ অর্থনীতিতে অর্থায়নে যুক্ত স্থানীয় ও বিশেষায়িত ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হতে পারে। একই সঙ্গে নতুন ঋণপ্রবাহ বাড়লে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসি/আপ্র/৩১/১০/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
৩১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশি শ্রমিকের মরদ...

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
৩১ অক্টোবর ২০২৬

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জা...

তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ
৩১ অক্টোবর ২০২৬

তাহসিফের মৃত্যুতে মামলা করেনি পরিবার, সিদ্ধান্তহীন পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও এ ঘটন...

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৩১ অক্টোবর ২০২৬

কলাবাগানে বাসা থেকে আট বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগান থানার হাতিরপুল এলাকা থেকে আবু হাসান নামে আট বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই