গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৪ জুন ২০২৬

মেনু

সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না: শফিকুর রহমান

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০০:৫৯ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ০২:২০ এএম ২০২৬
সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না: শফিকুর রহমান
ছবি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের রায় অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করা হলে সরকারকে বেশি দিন সময় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের লালদিঘী মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অপমান ও অগ্রাহ্য করা হচ্ছে। জনগণ চুপ করে বসে থাকবে না। জনগণ যে রায় দিয়েছে, তা সরকারকে মানতেই হবে। যে সরকার জনরায়কে সম্মান করে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না।

তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। দেশের মানুষ তাদের ভোট ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার যদি জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে জনগণই তার জবাব দেবে।

গণভোটের রায় কার্যকরের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, অতীতেও রাজনৈতিক বাস্তবতায় অনেক সিদ্ধান্ত সরকারকে মেনে নিতে হয়েছে। একইভাবে গণভোটের ফলও বাস্তবায়ন করতে হবে। জনগণকে রাজপথে নামতে বাধ্য না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংকটের সমাধান করার আহ্বান জানান তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশ ও জনগণের ক্ষতি করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দীর্ঘদিন দেওয়া হবে না। সময় দ্রুত ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন করলে সরকারকে অভিনন্দন জানানো হবে, অন্যথায় নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

শফিকুর রহমান অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়নের পরিবর্তে দলীয়করণ ও ভিন্নমত দমনের প্রবণতা দেখা যাচ্ছে। সংসদে জনগণের সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, চাঁদাবাজি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেওয়া হবে না। দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে জাতীয় স্বার্থ রক্ষা করবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকবে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারের ঘোষিত বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। কিন্তু এসব সংকট মোকাবিলায় বাজেটে কার্যকর দিকনির্দেশনা নেই।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অলি আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক অস্থিরতা এবং জননিরাপত্তাহীনতা জনগণকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে নারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় আরো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।
সানা/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাজেটে চাঁদাবাজির স্বীকৃতি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন
১৩ জুন ২০২৬

বাজেটে চাঁদাবাজির স্বীকৃতি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজে...

বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় প্রশ্ন আনিসুলের
১৩ জুন ২০২৬

বাজেট বাস্তবায়ন পরিকল্পনায় প্রশ্ন আনিসুলের

প্রস্তাবিত জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী আখ্যা দিলেও এর বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতী...

বিয়ে এড়াতে ‘নিখোঁজ নাটক’, ধর্ষণ মামলায় শিবির নেতা জিসান গ্রেফতার
১৩ জুন ২০২৬

বিয়ে এড়াতে ‘নিখোঁজ নাটক’, ধর্ষণ মামলায় শিবির নেতা জিসান গ্রেফতার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভ...

বাজেটে জনপ্রত্যাশার প্রতিফলন নেই: এনসিপি
১২ জুন ২০২৬

বাজেটে জনপ্রত্যাশার প্রতিফলন নেই: এনসিপি

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘প্রতারণার বাজেট’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই