গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

চীনে শি জিনপিং-তারেক রহমান বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যাশা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:১৯ এএম ২০২৬
চীনে শি জিনপিং-তারেক রহমান বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যাশা
ছবি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -ছবি পিএমও

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টার পর রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতা শুভেচ্ছা বিনিময়ের পর দ্বিপক্ষীয় আলোচনা করেন। খবর বাসস-এর।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে যান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন আগে জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। একই সঙ্গে উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, কৌশলগত সহযোগিতা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও সুসংহত করার বিষয়ে আলোচনা হবে। তাঁর আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সফরসঙ্গীদের নিয়ে তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। গত ২১ জুন তিনি মালয়েশিয়া সফর শুরু করেন। পরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে কর্মসূচি শেষে বুধবার বেইজিংয়ে পৌঁছে তাঁর তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।

বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর বিনিয়োগ, গণমাধ্যম সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পৃথক একটি সমঝোতা স্মারকও সই হয়।

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। এ ছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী, দেশটির পানিসম্পদমন্ত্রী এবং বিভিন্ন বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যায় তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা।
সানা/আপ্র/২৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, দুই ধাপে বাস্তবায়ন
১৮ আগস্ট ২০২৬

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, দুই ধাপে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়...

কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়লো ৫৪ শতাংশ
১৮ আগস্ট ২০২৬

কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বাড়লো ৫৪ শতাংশ

২০২৬-২৭ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৫৪ শতাংশ বাড়িয়ে ৬০ হ...

‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত
১৭ আগস্ট ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থান’ প্রামাণ্যচিত্রে ভুল ছবি, শহীদ সাংবাদিক বললেন আমি জীবিত

ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্সের অনুষ্ঠান

তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের
১৭ আগস্ট ২০২৬

তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে