গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০১ মে ২০২৬

মেনু

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১১ পিএম, ০১ মে ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান
ছবি

বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি হয় -ছবি সংগৃহীত

নানা আলোচনার মধ্যে ১৪টি উড়োজাহাজ কিনতে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা (১ ডলারে ১২২ টাকা ৭৩ পয়সা হিসাবে) ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার একটি হোটেলে এই চুক্তি হয় বলে রাষ্ট্রীয় পতাকাবাহী কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

১৪টি উড়োজাহাজের মধ্যে ১০টি ওয়াইড-বডির ‘৭৮৭ ড্রিমলাইনার’ এবং ৪টি ন্যারো-বডির ‘৭৩৭ ম্যাক্স’ মডেলের উড়োজাহাজ।

১০টি ওয়াইড বডি এয়ারক্রাফটের মধ্যে ‘৭৮৭-১০’ মডেলের ৮টি এবং ‘৭৮৭–৯’ মডেলের দুটি কিনছে বিমান। এর মধ্যে ৭৮৭-১০ মডেলের উড়োজাহাজগুলো মধ্যপ্রাচ্যের চাহিদাসম্পন্ন রুটগুলোতে ব্যবহারের কথা ভাবছে বিমান। আর ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজগুলো ইউরোপ ও উত্তর আমেরিকা রুটে চালানোর পরিকল্পনা আছে এয়ারলাইন্সটির।

২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে এই এয়ারক্রাফটগুলো বিমানকে সরবরাহ করবে বোয়িং।

বিমানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে বিমানের বহরে ১৯টি এয়ারক্রাফট রযেছে। এর মধ্যে ১৪টি বোয়িংয়ের আর পাঁচটি স্বল্পপাল্লার ড্যাশ কিউ- এইট ৩০০ মডেলের এয়ারক্রাফট। গত ২০০৮ সালে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বোয়িংয়ের সঙ্গে ১০টি এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে এসব উড়োজাহাজ বিমানকে সরবরাহ করে বোয়িং।

বর্তমানে বিমানের ১৪টি বোয়িংয়ের মধ্যে চারটি ওয়াইড বডির বোয়িং ৭৭৭- ৩০০ ইআর, চারটি ৭৮৭-৮ ও দুটি ৭৮৭-৯ এবং চারটি ন্যারোবডির বোয়িং- ৭৩৭ এয়ারক্রাফট রয়েছে। নতুন ১৪টি যুক্ত হলে বিমানের বহরে মোট ৩৩টি উড়োজাহাজ হবে। যার মধ্যে ২৮টিই হবে বোয়িংয়ের।

চুক্তি সই অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এসব নতুন উড়োজাহাজ বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে।

এর মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তারা।

গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের সময় বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মাহবুবুর রহমান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে ক্রয়াদেশ দেওয়ার কথা জানান। তবে তখনো যার জন্য কেনা হবে এসব উড়োজাহাজ, সেই ‘বিমান’ কিছুই জানে না বলে গণমাধ্যমকে জানায়। এরপর গত ৩০ ডিসেম্বর বিমান পরিচালনা পর্ষদে ১৪টি বোয়িং কেনার ‘নীতিগত’ সিদ্ধান্ত হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার নীতিগত সিদ্ধান্ত জানানো হয়েছিল। কিন্তু অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন আর ডনাল্ড ট্রাম্পের শুল্কের চাপের মধ্যে শেষ পর্যন্ত বিমানের ক্রয়াদেশ যাচ্ছে বোয়িংয়ের ব্যাগে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে ১০টি বড় উড়োজাহাজ ‘কেনার প্রতিশ্রুতি’ দিয়েছে।

এয়ারবাস থেকে আটটি যাত্রীবাহী ও দুটি পণ্যবাহী উড়োজাহাজ কেনার বিষয় ‘পর্যালোচনার’ মধ্যে আমেরিকান কোম্পানি বোয়িংও তৎপর হয়ে ওঠে। তৎকালীন সরকারের সঙ্গে দুপক্ষেরই দেনদরবার চলে। এর মধ্যেই ২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের।

এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি বছর হোয়াইট হাউজে বসেই যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেন, তার প্রভাব বাংলাদেশেও পড়ে।

ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্কের মধ্যে গত বছরের জুলাইয়ে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

চুক্তি সইয়ের অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর, বিমানের পর্ষদ চেয়ারম্যান রুমি এ হোসেইন, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং বোয়িংয়ের সেলস ও মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রমিকের অধিকার কতদূর
০১ মে ২০২৬

শ্রমিকের অধিকার কতদূর

মহান মে দিবস আজ

শুভ বুদ্ধপূর্ণিমা আজ
০১ মে ২০২৬

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

শুভ বুদ্ধপূর্ণিমা আজ। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন...

‘একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা’
৩০ এপ্রিল ২০২৬

‘একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলা...

কালবৈশাখী নিয়ে সারা দেশের জন্য জরুরি সতর্কবার্তা
৩০ এপ্রিল ২০২৬

কালবৈশাখী নিয়ে সারা দেশের জন্য জরুরি সতর্কবার্তা

দেশের আট বিভাগেই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই