গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি

আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার সম্ভাবনা নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার সম্ভাবনা নেই
ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশে আয়োজিত নির্বাচন কমিশনের ব্রিফিং -ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার ওপর প্রভাব পড়বে কি না, সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। তাঁদের এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে।
নির্বাচনের আগের দিন গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ব্রিফিংয়ের আয়োজন করে। সেখানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনারের কাছে জানতে চান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে; কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনে অংশ নিতে পারছে না-এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর ছায়া পড়ছে কি না? বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন, যাঁরা ওই দলকে সমর্থন করতে চান, কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাঁদের সেই পছন্দ থাকবে না। নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয়-এ প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। দেড় দশক ধরে এই দেশ গণতান্ত্রিক ঘাটতির মধ্যে ছিল। এই সময়ে যাঁরা এখন ত্রিশের কোঠায়, তাঁরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। আমরা একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাঁরা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। সে কারণেই কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে এতে ভোটার উপস্থিতি কমবে না-আপনারা আগামীকাল তা দেখবেন।’
সম্পূরক প্রশ্নে বিবিসির আরেক সাংবাদিক জানতে চান, তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন? জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘আমি বলছি, এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয়। আমাদের জুলাই-আগস্ট ২০২৪-এর ঘটনাগুলো ভুলে গেলে চলবে না।’
এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছি না। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মানুষের মধ্যে সমান উৎসাহ রয়েছে। কিছুসংখ্যক মানুষ না-ও আসতে পারেন-এটি সব সময়ই ঘটে। কিন্তু সামগ্রিকভাবে অধিকাংশ মানুষই ভোট দেবেন। আর যে দলের কথা বলছেন, তারা একা ছিল না-তাদের অন্য অংশীদাররা নির্বাচনে অংশ নিচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের সময়েও সহিংসতার অভিযোগ আছে। নির্বাচন কমিশনের ভূমিকা কি দুর্বল নয়-এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্বাচন কমিশনার পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘আমি একটি পাল্টা প্রশ্ন করি-কেউ কাজ করছে কি না, তা কি সব সময় দৃশ্যমান হয়? আমরা কার্যকরভাবে কাজ করছি। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন সব সময় ভালো-বাংলাদেশ ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীন সফল নির্বাচন করেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের কারণে সরকারি প্রভাব নেই। সাম্প্রতিক সময়ের তুলনায় এটি অন্যতম সেরা পরিবেশ। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আমরা সতর্ক। ইতিহাসে এবারই সর্বোচ্চ সক্ষমতা মোতায়েন করা হয়েছে-৯ লাখ ৫০ হাজারের বেশি সদস্য মাঠে, প্রথমবার ইউএভি, ড্রোন, বডি ক্যামেরা, সিসিটিভি ব্যবহার হচ্ছে।’
এই নির্বাচন কমিশনার বলেন, ‘১৩ ডিসেম্বর থেকে “অপারেশন ডেভিল হান্ট” শুরু হয়েছে; প্রায় ৯০০ অস্ত্র উদ্ধার হয়েছে। তিন স্তরের নিরাপত্তা বলয় রয়েছে। সাধারণ কোনো হুমকি নেই। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, আমরা ব্যবস্থা নেব।’
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘তবে আমরা এমন ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। বিশেষ কওে বুধবার রাতে সব রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে-আমরা সে বিষয়ে প্রস্তুত আছি। আর চরম পরিস্থিতিতে যদি কোনো কেন্দ্র এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেখানে ভোট নেওয়া সম্ভব না হয়, তাহলে সেদিনই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’
পোস্টাল ভোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন ডিজিটাল ছিল, বাকিটা ম্যানুয়াল। প্রতিটি পোস্টাল ভোট সংসদীয় আসন অনুসারে গণনা করা হবে। ভোটের দিন বিকেল চারটার মধ্যে যে ভোটগুলো পোস্টে পৌঁছাবে, শুধু সেগুলোই গণনা করা হবে বলে জানান তিনি। নির্বাচনের ফলাফল কবে ঘোষণা করা হবে জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিকেল ৪টা ৩০ মিনিটে ভোট শেষ হবে। এরপরই গণনা শুরু হবে। প্রতিটি কেন্দ্রে গড়ে দুই–তিন হাজার ভোট, দুই ধরনের ব্যালট-গণনায় চার থেকে ছয় ঘণ্টা লাগতে পারে। রাত থেকে ভোরের মধ্যে প্রাথমিক ফল আসতে শুরু করবে।’ ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) প্রশ্ন করা হয়েছিল আগের দুই সিইসি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাঁরা এখন কারাগারে। নির্বাচনের সামনে দাঁড়িয়ে পূর্বসূরিদের পরণতি তাঁকে ভাবায় কি না? সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা এ পর্যন্ত যা করেছি, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি সে লক্ষ্যেই আইনকানুনের মধ্যে থেকেই কাজ করছি। সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই কাজ করছি। আমরা যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) দিয়েছি, সেই কমিটমেন্টকে ফোকাসে (লক্ষ) রেখেই কাজ করছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই।’ ব্রিফিংয়ে আরো বক্তব্য দেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনকানুনের মধ্যেই কমিটমেন্ট অনুযায়ী কাজ করছি। তাই ভয়ের কোনো কারণ নেই।’
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন সিইসি।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সিইসিকে প্রশ্ন করেন, এবার মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আগের দুই সিইসি যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাঁরা এখন কারাগারে আছেন। নির্বাচনের সামনে দাঁড়িয়ে পূর্বসূরিদের পরিণতি তাঁকে ভাবায় কি না?

জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা এ পর্যন্ত যা করেছি, জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, সেই লক্ষ্যেই আইনকানুনের মধ্যে থেকেই কাজ করছি। সাংবিধানিক বাধ্যবাধকতা থেকেই কাজ করছি। আমরা যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি) দিয়েছি, সেই কমিটমেন্টকে ফোকাসে (লক্ষ্য) রেখেই কাজ করছি। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই।’
এর আগে অনুষ্ঠানে নির্ধারিত বক্তৃতায় সিইসি বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে সব ধরনের কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে এবং নির্বাচনের দিন সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। ভোটার অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের সহায়তায় ভোট গ্রহণ ও ভোট গণনার কাজ পরিচালনা করবেন। প্রার্থী বা তাঁদের মনোনীত এজেন্ট, অনুমোদিত পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে কেন্দ্রেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।
সিইসি জানান, ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তার তত্ত্বাবধানে ভোটকেন্দ্রেই গণনা কার্যক্রম পরিচালিত হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে এবং পরে রিটার্নিং কর্মকর্তারা তা সংকলন করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। এভাবে ভোট গ্রহণ ও গণনার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে। লিঙ্গ, বয়স বা পটভূমি–নির্বিশেষে সব ভোটারকে অবাধে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘স্বচ্ছতা আমাদের নির্বাচন ব্যবস্থাপনার মূল ভিত্তি। এ নির্বাচনে নির্বাচন ব্যবস্থাপনা সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ৪৫টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ৬০ জনের বেশি কর্মকর্তা ও প্রায় ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত আছেন, যার মধ্যে প্রায় ২২০ জন ইউরোপীয় ইউনিয়ন থেকে। এ ছাড়া ১৬০ জনের বেশি আন্তর্জাতিক সাংবাদিক স্বতন্ত্রভাবে নির্বাচন কাভার করছেন। দেশীয়ভাবে ৮১টি নিবন্ধিত সংস্থার ৪৫ হাজারের বেশি পর্যবেক্ষক ও ৬০ হাজারের বেশি সাংবাদিকের অনুমোদন দেওয়ার কথা রয়েছে।সব অনুমোদনের প্রক্রিয়া যথাযথ যাচাই–বাছাইয়ের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।’
সিইসি বলেন, কার্যকর সমন্বয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রাতিষ্ঠানিক প্রতিনিধিরাও দায়িত্ব পালন করছেন। ভোটারদের গোপনীয়তা অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার নিশ্চিত করেছে কমিশন, যাতে ভোটাররা কোনো ধরনের অসুবিধায় না পড়েন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কমিশনের নির্দেশিকা অনুযায়ী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য স্বাগত জানানো হচ্ছে। তাঁরা নির্বাচন–পরবর্তী সময়ে তাঁদের পর্যবেক্ষণ প্রকাশ করতে পারবেন।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমাদের যাত্রার শুরু থেকেই স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সাংবাদিকেরা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে কোনো বিচ্যুতি থাকলে তা চিহ্নিত করা সম্ভব। এভাবে আপনাদের সম্পৃক্ততা এই নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছতা ও জনআস্থা নিশ্চিত করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও গঠনমূলক সম্পৃক্ততার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আপনাদের পর্যবেক্ষণ ও প্রতিবেদন স্বচ্ছতা ও গণতান্ত্রিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

ভোটের আগে সিইসির ভাষণ: ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে তার এ ভাষণ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়।
জুলাই অভ্যুত্থানের দেড় বছর বাদে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে। দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে হবে।

সানা/আপ্র/১২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অন্তবিহীন পথ পেরিয়ে ব্যালটের যুদ্ধে বাংলাদেশ
১২ ফেব্রুয়ারি ২০২৬

অন্তবিহীন পথ পেরিয়ে ব্যালটের যুদ্ধে বাংলাদেশ

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ

আপনার ভোট দেওয়া হয়ে গেলে কী করবেন
১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার ভোট দেওয়া হয়ে গেলে কী করবেন

নির্বাচন কেন্দ্রে গিয়ে হঠাৎ শুনলেন - আপনার ভোটটি আগেই কেউ দিয়ে ফেলেছে! মুহূর্তেই মাথায় ঘুরপাক খেতে প...

ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা
১২ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জাতীয় নির্বাচনে কোনো...

বিএনপির জয়ের সম্ভাবনা বেশি: দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের প্রতিবেদন
১২ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির জয়ের সম্ভাবনা বেশি: দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের প্রতিবেদন

বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি প্রকৃত অর্থেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ৩ | শেষ আপডেট: 1 সপ্তাহ আগে