বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন ও সহিংসতার সময় সংঘটিত অপরাধগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি মনে করে, সব দেশে সব রাজনৈতিক দল ও তাদের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অবাধ সুযোগ থাকা উচিত।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বহু মানুষের প্রাণহানির বিষয়টি উঠে এসেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর সমর্থকেরা দেশকে পুনরায় অস্থিতিশীল করার চেষ্টা করছে—এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
জবাবে ফারহান হক বলেন, এ নির্দিষ্ট বিষয়ে তাঁর নতুন করে কোনো মন্তব্য নেই। তবে জাতিসংঘ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের যথাযথ জবাবদিহি দেখতে চায়। এর মধ্যে জাতিসংঘের তথ্যসন্ধানী মিশনের মাধ্যমে চিহ্নিত ও নথিবদ্ধ অপরাধগুলোও রয়েছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির পূর্ণ স্বাধীনতা থাকা উচিত বলে জাতিসংঘ বিশ্বাস করে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এ সহিংসতায় আহত হন কয়েক হাজার মানুষ।
এসি/আপ্র/১১/১১/২০২৬