আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্যাপন করেন। একা থাকা মানেই নিঃসঙ্গতা নয়; বরং নিজের মতো করে জীবন উপভোগ, স্বাধীনতা ও আত্মনির্ভরতার আনন্দ উদ্যাপনই দিবসটির মূল বার্তা।
প্রতিবছর ১১ নভেম্বর পালিত হয় দিবসটি। তারিখটির বিশেষত্বও বেশ মজার। ১১/১১ সংখ্যাটিতে চারটি একক সংখ্যা রয়েছে, যা সিঙ্গেল বা একা থাকা মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
দিবসটির সূচনা চীনে। প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অবিবাহিত জীবনের আনন্দ উদ্যাপনের জন্য দিনটি পালনের উদ্যোগ নেন। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে দেশটির বিভিন্ন প্রান্তে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দিবসটি আন্তর্জাতিক পরিচিতি পায়।
শুরুতে অবিবাহিত মানুষেরা নিজেদের মতো করে দিনটি উদ্যাপন করলেও সময়ের সঙ্গে এর ধরন বদলেছে। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, কেউ ঘুরতে যান। আবার কেউ নিজের পছন্দের জিনিস কিনে কিংবা প্রিয় কোনো কাজে সময় কাটিয়ে দিনটি উপভোগ করেন।
২০০৯ সালে চীনা ই-বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা ১১ নভেম্বরকে বড় পরিসরে কেনাকাটার উৎসবে রূপ দেয়। এরপর দিনটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন কেনাকাটার আয়োজনে পরিণত হয়।
তবে সিঙ্গেল দিবসের তাৎপর্য কেবল অবিবাহিত জীবনের উদ্যাপনে সীমাবদ্ধ নয়। নিজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং নিজের সিদ্ধান্তকে সম্মান করার বার্তাও দেয় দিনটি।
সমাজে বিয়ে কিংবা প্রেমের সম্পর্ককে অনেক সময় জীবনের পূর্ণতার মাপকাঠি হিসেবে দেখা হয়। কিন্তু সুখী ও পরিপূর্ণ জীবন কাটাতে যে সম্পর্কে থাকতেই হবে, এমন কোনো কথা নেই। নিজের স্বপ্ন পূরণ, পছন্দের কাজ এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েও জীবন হতে পারে আনন্দময়।
সেই ভাবনাকে সামনে রেখেই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সিঙ্গেল দিবস।
এসি/আপ্র/১১/১১/২০২৬