একেএম ফজলুল হক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডরের পরিচালনায় স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনে স্যান্ডরের ডায়ালাইসিস কেন্দ্রে চিকিৎসা নেওয়া ২৭৬ জন রোগী ও তাদের স্বজনেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চমেক হাসপাতালের স্যান্ডর ডায়ালাইসিস কেন্দ্রে বর্তমানে ২৭৬ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। সরকারি ভর্তুকির কারণে প্রতিবার ডায়ালাইসিসে তাদের খরচ হচ্ছে ৬২১ টাকা। অথচ বেসরকারি হাসপাতালে একই সেবা নিতে ব্যয় হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। একজন কিডনি রোগীর সপ্তাহে দুই থেকে তিনবার ডায়ালাইসিসের প্রয়োজন হওয়ায় বেসরকারি পর্যায়ে এ ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষেই কঠিন।
মানববন্ধনে অংশ নেওয়া এক রোগীর স্বজন বলেন, এই কেন্দ্রে চিকিৎসা নেওয়া অধিকাংশ রোগীই আর্থিকভাবে অসচ্ছল। কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। অনেকের পক্ষেই বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করানো সম্ভব হবে না। তাই দ্রুত স্যান্ডরের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন করে বর্তমান সেবা চালু রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আরেক রোগীর স্বজন বলেন, কেন্দ্রটির কর্মকর্তা, কারিগরি কর্মীসহ সব কর্মীর সেবার মান ভালো। দীর্ঘদিন ধরে রোগীরা এখান থেকে কম খরচে চিকিৎসা নিচ্ছেন। সরকার কেন্দ্রটি অন্য কোথাও স্থানান্তর করতে চাইলে আগে বিকল্প ব্যবস্থা চালু করতে হবে। নতুন ব্যবস্থায় একই মানের সেবা ও বর্তমান খরচ বহাল রাখাও জরুরি। বিকল্প নিশ্চিত না করে বর্তমান কেন্দ্রের সেবা বন্ধ করা উচিত হবে না।
বক্তারা আরো বলেন, চট্টগ্রাম ও ঢাকায় স্যান্ডরের মাধ্যমে প্রায় ৫০০ রোগী স্বল্প খরচে ডায়ালাইসিসের সুযোগ পাচ্ছেন। চমেক হাসপাতালের নিজস্ব জনবল সংকটের কারণে পুরো সেবার দায়িত্ব হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলে চিকিৎসার মান ও ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বর্তমান কেন্দ্রেই স্যান্ডরের মাধ্যমে ডায়ালাইসিস সেবা চালু রাখার দাবি জানান তারা।
প্রসঙ্গত, সরকারের সঙ্গে স্যান্ডরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা। এ চুক্তি নবায়ন করে সেবা অব্যাহত রাখার দাবিতেই মানববন্ধন করেন রোগী ও তাদের স্বজনেরা।
সানা/আপ্র/১১/১১/২০২৬