চট্টগ্রাম মহানগরীতে নাশকতা ও সহিংসতা প্রতিহত করার ঘোষণা দিয়ে তৎপরতা চালিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় লাঠি হাতে পাহারা দিয়েছেন এনসিপির নেতাকর্মীরা। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মোটরসাইকেল র্যালি করেছে জামায়াত। দল দুটির নেতারা বলেছেন, অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য করতে দেওয়া হবে না আওয়ামী লীগকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বহদ্দারহাট থেকে মোটরসাইকেল র্যালি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জামালখান প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র্যালি করেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব র্যালি থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে নগর যুব বিভাগের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনকে প্রকাশ্যে তৎপরতা চালাতে দেওয়া যায় না। তাদের রাজনীতি করতে হলে আগে আইনিভাবে মোকাবিলা করতে হবে। আইন যদি তাদের অনুমতি দেয়, তাহলে রাজপথে তাদের স্বাগত জানানো হবে। এর আগ পর্যন্ত দলমত-নির্বিশেষে পতিত স্বৈরাচারকে প্রতিহত করা হবে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ অতীতেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। এখন আবার মানুষ হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগ নির্মূল না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। র্যালিতে নগর যুব বিভাগের সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সোমবার রাত ১১টার দিকে লাঠিসোঁটা হাতে এনসিপির একদল নেতাকর্মী নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে এক তরুণকে আটক করে মারধর করেন তারা। একপর্যায়ে মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ কয়েকজন নেতা সেখানে উপস্থিত হন। পরে তারা মিছিল বের করেন। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদের নেতৃত্বেও রাতে মিছিল হয়।
মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে দলীয় সিদ্ধান্তে নেতাকর্মীরা রাতে অবস্থান নিয়েছিলেন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে নগরীতে মোটরসাইকেল র্যালি করে এনসিপির যুব বিভাগ।
কর্ণফুলী চ্যানেলে ৭০ টন সিমেন্ট জব্দ, আটক ৫
একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট। জব্দ সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা এ অভিযান চালান।
দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে পাঁচজনকে আটক এবং বোটটি জব্দ করা হয়।
সানা/আপ্র/১১/১১/২০২৬