মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর আনুষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে ও সামনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ বিধান অনুসারে নির্ধারিত শর্ত মেনে মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি
বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে দুই ধরনের মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে।
স্কুটার: ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
নম্বরপ্লেট তৈরির অন্যান্য শর্ত
বিআরটিএ নির্ধারিত শর্ত অনুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। নম্বরপ্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন—ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
এসি/আপ্র/১০/১১/২০২৬