জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ছয় ঘণ্টার জন্য যান চলাচলের জন্য কোনও টোল লাগবে না। এ সময় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের অনুমোদিত যানবাহন বিনা মূল্যে চলাচল করতে পারবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনকে কোনো টোল দিতে হবে না। তবে দুপুর ১২টার পর থেকে আগের নিয়মে টোল আদায় কার্যক্রম চালু থাকবে।
বর্তমানে এক্সপ্রেসওয়েতে যানবাহনের শ্রেণি অনুযায়ী টোল নির্ধারণ করা রয়েছে। এর মধ্যে কার, ট্যাক্সি, এসইউভি, ১৬ আসনের কম মাইক্রোবাস ও ৩ টনের কম হালকা ট্রাকের টোল ৮০ টাকা। ১৬ আসন বা তার বেশি আসনের বাসের জন্য ১৬০ টাকা, ছয় চাকা পর্যন্ত মাঝারি ট্রাকের জন্য ৩২০ টাকা এবং ছয় চাকার বেশি ভারী ট্রাকের জন্য ৪০০ টাকা টোল দিতে হয়।
তবে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ও তিন চাকার যানবাহন চলাচল এক্সপ্রেসওয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ।
সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরসংলগ্ন কাওলা থেকে এফডিসি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
বর্তমানে এই অংশেই যানবাহন চলাচল করছে। প্রকল্পের নকশা অনুযায়ী, কাওলা থেকে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি।
এসি/আপ্র/০৭/১১/২০২৬