ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরেছিল মিশর। ম্যাচে একটি গোল বাতিল করা হয় মিশরের। ম্যাচ শেষে রেফারিকে সমালোচনা করে ‘জালিম’ ডেকেছিলেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। সেই ঘটনায় ফিফার শাস্তি পেয়েছেন তিনি। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
তবে শুধু তিনি নয়। শাস্তি পেয়েছে দলটির প্রধান কোচ হোসাম হাসান এবং দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানও। কোচ ও ম্যানেজারকে ৩ ম্যাচ করে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা।
এই শাস্তি মিশরের জাতীয় দলের জন্য বড় ধাক্কা। বিশেষ করে, সম্প্রতি মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) হোসাম হাসানের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে।
নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। এ ছাড়া ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচেও নিষিদ্ধ থাকবেন তারা।
অন্যদিকে জিকোর শাস্তিটা আরেো বড়। আর্জেন্টিনার বিপক্ষে ওই ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে রেফারিকে ‘জালিম’ সম্বোধন করেন তিনি। ফলে২০২৭ সালের জুনের আগে জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মিশরের বাকি চারটি ম্যাচসহ আরো একটি আন্তর্জাতিক ম্যাচে তাকে পাওয়া যাবে না।
এসি/আপ্র/২০/১০/২০২৬