গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৩ এএম ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি
ছবি

ছবি সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে তাঁরই স্বামী ও সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি ঘটেছিল প্রায় ২০ দিন আগে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মো. খুরশেদ আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর কলমাকান্দার পোগলা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঙ্গে সহকারী শিক্ষক মো. খুরশেদ আলমের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খুরশেদ আলমের স্ত্রী ও সহকারী শিক্ষিকা তাঁদের থামতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে তাঁকে থাপ্পড় মারেন।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর প্রধান শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শীতেষ চন্দ্র পালকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি গতকাল সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে ঘটনার ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে খুরশেদ আলমকে প্রধান শিক্ষকের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। এ সময় পাশে বসা তাঁর স্ত্রী তাঁকে শান্ত হতে বললে খুরশেদকে বলতে শোনা যায়, ‘থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিবো, কথা কস ক্যারে?’ জবাবে শিক্ষিকাকে বলতে শোনা যায়, ‘এখন রাখুন, এটা অফিস।’ এরপর খুরশেদ বলেন, ‘অফিস হইছে দেইখ্খা কী হইছে? আমি কি কেউর কর্মচারী?’ একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় মেরে বলেন, ‘বাইর হ।’

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষিকার বক্তব্য জানতে একটি সংবাদমাধ্যম থেকে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

তবে অভিযুক্ত শিক্ষক মো. খুরশেদ আলম বলেন, তিনি আট বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তাঁর স্ত্রী প্রায় পাঁচ বছর ধরে সেখানে কর্মরত। ঘটনার সময় তিনি নিজের রাগ সংযত করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি অনুতপ্ত। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি নিজেও বিব্রত অবস্থায় পড়েছেন। তিনি ও তাঁর স্ত্রী নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন বলেও জানান।

কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন খান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক খুরশেদ আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম বলেন, স্বামী-স্ত্রী হলেও বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষক আরেকজন শিক্ষককে থাপ্পড় মারতে পারেন না। এমন অসদাচরণ চাকরি বিধির পরিপন্থী। তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে হাতে পাওয়া গেছে। এ ব্যাপারে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।
সানা/আপ্র/৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ, স্ক...

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে
০৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

বাংলাদেশের কারাগারে থাকা মোট বন্দীর ৬৬ দশমিক ৯ শতাংশ বিচারপূর্ব বন্দী। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ বন্...

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার
০৭ অক্টোবর ২০২৬

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ...

সর্বোচ্চ ভর্তুকি দিয়ে তেল-গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে
০৭ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ ভর্তুকি দিয়ে তেল-গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে

বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার সর্বোচ্চ ভর্তুকি দিয়ে দেশে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই