গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:৩০ এএম ২০২৬
সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ
ছবি

ছবি সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভূমি ও বাড়ি দখল, খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ, হামলা ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন ৩৮ জন বিশিষ্ট নাগরিক। তাঁদের দাবি, সাম্প্রতিক সময়ে এসব ঘটনা বেড়ে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে ভূমি ও বাড়ি দখল, চর ও খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ এবং বাড়িঘরে হামলার খবর আসছে। রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও তাঁরা উল্লেখ করেন। এরপর রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় কয়েক শ মানুষের হামলা, ভাঙচুর ও জমি দখলের অভিযোগের কথাও বিবৃতিতে তুলে ধরা হয়। ওই ঘটনায় টাকা, জমির দলিলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ রয়েছে বলেও তাঁরা উল্লেখ করেন।

এ ছাড়া ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব ঘটনাকে তাঁরা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অংশ হিসেবে দেখছেন।

বিবৃতিদাতারা বলেন, পটুয়াখালীর চরবাংলা, নোয়াখালীর সদর উপজেলার ভাটিরটেক ও চরফ্যাশন, ভোলার চরসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা চরে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। জমিতে থাকা ফসলও রাতের অন্ধকারে লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

তাঁদের ভাষ্য, ঢাকা মহানগরসহ দেশের বড়-ছোট শহরগুলোতে ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। একই সঙ্গে শিশুধর্ষণ ও নারীবিরোধী সহিংসতার ঘটনাও ঘটছে। কোনো কোনো এলাকায় পুলিশ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে। এসব ঘটনাকে তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে বলা হয়, জনমনে দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। তাঁদের অভিযোগ, এর সঙ্গে শাসক দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী মহল, পতিত সরকারের সশস্ত্র অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড সারা দেশে ছড়িয়ে পড়ছে।

বিবৃতিদাতারা এসব ঘটনার দ্রুত উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তি ও গোষ্ঠী এবং তাদের দেশে-বিদেশে থাকা মদদদাতা ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

তাঁরা আরও বলেন, অভিযোগ রয়েছে, অনেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে শাসক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততা থাকায় পুলিশ যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না। ফলে এসব ঘটনার দায় শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়; সামগ্রিকভাবে সরকারেরও জবাবদিহির দায় রয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, শিরীন পারভিন হক, ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, জেড আই খান পান্না, সারা হোসেন, শাহীন আনাম, শহিদুল আলম, স্বপন আদনান, শামসুল হুদা, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, গীতি আরা নাসরীন, জোবাইদা নাসরীন, তাসনিম সিরাজ মাহবুব, নোভা আহমেদ, ফিরদৌস আজিম, রেহনুমা আহমেদ, সাঈদ ফেরদৌস, সুব্রত চৌধুরী, নায়লা খান, মো. নূর খান, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, মনিন্দ্র কুমার নাথ, রোজিনা বেগম, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, শাহেদ কায়েস, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।
সানা/আপ্র/৩০/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই