গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাপ্তাহিক ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান

হাসিনাকে ফেরাতে তৃতীয় দেশের সম্পৃক্ততা প্রয়োজন নেই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৩ এএম ২০২৬
হাসিনাকে ফেরাতে তৃতীয় দেশের সম্পৃক্ততা প্রয়োজন নেই
ছবি

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান -ছবি সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। একই সংবাদ সম্মেলনে মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার দুঃখিত ও বিব্রত এবং তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। পাশাপাশি বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’, অপতথ্য ছড়ানো, এলপিজির কৃত্রিম সংকট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গেই আলোচনা: সম্প্রতি নিউইয়র্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে শেখ হাসিনার বিষয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করবে বলে যুক্তরাষ্ট্র আশা করছে জানানো হয়। এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় এবং ভারতকেই তাঁকে হস্তান্তর করতে হবে। এটি মূলত দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় হওয়ায় অন্য কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই।

তিনি বলেন, ‘তিনি ভারতে আছেন, আমরা অবশ্যই তাঁকে ফেরত চাই। এটা আমাদের দ্বিপক্ষীয় ব্যাপার এবং আমরা সে আলোচনা চালিয়ে যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা বলেন, তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর মতে, এ ধরনের অপরাধের বিষয়টি আলাদা মাত্রার।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের অস্বস্তির বিষয়টি তিনি ভারতীয় হাইকমিশনারকে জানিয়েছেন। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাড্ডা ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকার দুঃখিত ও বিব্রত বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, কোনো নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হলে, কোনো স্থাপনা ভাঙচুর হলে কিংবা কেউ হামলার শিকার হলে সরকার দুঃখিত। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব হওয়ায় এ ধরনের ঘটনা সরকারকে বিব্রত করে।

ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত পুলিশের তদন্তই অভিযোগপত্রের ভিত্তি হবে। তদন্তে কারও নাম ও সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশ নিশ্চিত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাষ্ট্রের প্রথম দায়িত্ব অপরাধ ঠেকানো। অপরাধ ঘটে গেলে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করাও জরুরি, যাতে ভবিষ্যতে একই ধরনের ঘটনা না ঘটে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার ও তদন্ত কার্যক্রম চলছে এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের অভিযোগ: বিএনপির সঙ্গে চাঁদাবাজির একটি বয়ান বা ‘ট্যাগিং’ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই চলছে বলে অভিযোগ করেন জাহেদ উর রহমান। তবে সরকারের সঙ্গে যুক্ত বা ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করছে না - এমন দাবি তিনি করছেন না বলেও স্পষ্ট করেন।

জাতীয় নাগরিক পার্টির চাঁদাবাজিবিরোধী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচিটি তাঁর কাছে ব্যঙ্গাত্মক মনে হয়েছে। তবে সহিংসতার পরিবর্তে এ ধরনের কর্মসূচিকে সরকার স্বাগত জানায়।

ঢাকা মহানগর পুলিশের তালিকায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজ ও দখলদার হিসেবে শীর্ষে রয়েছেন- এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই সরকারের কাজ। সরকার শুধু বয়ান তৈরি করবে না। কারা চাঁদাবাজি করছে এবং তারা কার সঙ্গে যুক্ত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অপতথ্য ছড়ানো নিয়ে সতর্কতা: কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অপতথ্য রয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ঘটনার পর সালমান মুক্তাদিরের দেওয়া বক্তব্যের ভিত্তিতে জামায়াতের আমির চাঁদাবাজির অভিযোগ তুলে সরকার ও সরকারের দলকে দায়ী করে যে বক্তব্য দিয়েছিলেন, সেটি এখনো তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় রয়েছে। অথচ সালমান মুক্তাদির পরে নিজেই বলেছেন, তাঁর কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়নি।

জাহেদ উর রহমান বলেন, শুধু ওই স্থাপনাই নয়, আরো কয়েকটি স্থাপনাও ভাঙচুরের শিকার হয়েছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তাঁর মতে, অপতথ্য মোকাবিলায় শুধু আইন নয়, সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রভাব ও অনুসারী থাকা ব্যক্তিদের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত। পাশাপাশি জনসচেতনতার সঙ্গে আইনি কাঠামোও প্রয়োজন। সাইবার সুরক্ষা আইন নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এলপিজির মজুদ পর্যাপ্ত, কৃত্রিম সংকটে ব্যবস্থা: দেশে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে এবং বর্তমানে কোনো সংকট নেই বলে জানান তথ্য উপদেষ্টা। তবে পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকা সত্ত্বেও কোথাও কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদদারি বা দাম বাড়ানোর চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য তুলে ধরে তিনি জানান, গত আগস্টে দেশে এক লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। চলতি সেপ্টেম্বরের ২৯ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে এক লাখ ১৮ হাজার মেট্রিক টন।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি না পাওয়ার অভিযোগ এবং কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার দুই হাজার ১০০ থেকে তিন হাজার ৬০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সেপ্টেম্বর মাসে সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৫৮৫ টাকা।

সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এলপিজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে আমদানি, মজুদ, সরবরাহ ও বাজারদর পর্যালোচনা করা হয়। আমদানিকারক ও অপারেটররা দেশে এলপিজির সরবরাহ ও মজুদ পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন।

রূপপুরে মার্কিন চুক্তির নেতিবাচক প্রভাব পড়বে না: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের চুক্তির কোনো নেতিবাচক প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পড়বে না বলে মনে করেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ মাত্র পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে। ভবিষ্যতের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন ধরনের বিকল্প খোলা রাখতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ আরো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করবে কি না, সেটিও বিবেচনার বিষয়।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু জ্বালানি সরবরাহ নয়, প্রকৌশলীদের প্রশিক্ষণসহ আরো অনেক জটিল বিষয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করা হবে।

বাংলাদেশ শুরু থেকেই জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ বজায় রেখেছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সংকট ও সমস্যা থাকলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা থাকবে। চীন, ভারত, রাশিয়া, তুরস্কসহ প্রয়োজনীয় সব দেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
সানা/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২৬

গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চ...

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মেডিকেল এলাকায় এক দিনে তিন অজ্ঞাত লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। একই দিন হা...

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘কত সুন্দর সেবা পেতাম, সেই জায়গা ধ্বংস করে দেওয়া হলো’

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সীমিত পরিসরে আবারো...

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২৬

হৃদয়ের কোনো সতর্কবার্তাকে অবহেলা না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

অসংক্রামক রোগের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে