কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই বন্দির মৃত্যুর খবর জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের একজন ৭০ বছর বয়সী কয়েদি এবং অন্যজন ৫৮ বছর বয়সী হাজতি।
মৃত দুজন হলেন আব্দুল বারেক ও আব্দুল মাবুদ। আব্দুল বারেক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে মারা যান। আর আব্দুল মাবুদকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রোববার দুপুরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ৭০ বছর বয়সী কয়েদি আব্দুল বারেক শুক্রবার রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
কারারক্ষী উজ্জ্বল হোসেন জানান, আব্দুল বারেকের কয়েদি নম্বর ৩০০/২৬। তার বাবার নাম মৃত আব্দুল খালেক। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলায়। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে পারেননি।
পরিদর্শক হাবিবুর রহমান বলেন, আব্দুল বারেকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার ময়নাতদন্ত করা হবে।
অন্যদিকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৮ বছর বয়সী হাজতি আব্দুল মাবুদ। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
কারারক্ষী সাইফুল ইসলাম জানান, আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ৩৩১/২৬। তিনি চট্টগ্রামের চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আব্দুল মাবুদের সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।
এর আগে গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক দিনে তিন কারাবন্দির মৃত্যু হয়েছিল। ওই দিন মারা যান মো. শাহাদত হোসেন লিটন (৪৮), আবুল বাশার (৫৪) ও আব্দুল কাইয়ুম (৬২)।
সানা/ডিসি/আপ্র/১৩/৯/২০২৬