রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আগামী ২৯ আগস্ট লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ১ আগস্ট শুরু হওয়া এ উৎসব চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের মূল উদ্দেশ্য হিসেবে নগরবাসীর মধ্যে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর কথা জানিয়েছে সিটি করপোরেশন।
২৯ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘পরিচ্ছন্ন নগর, সবুজ নগর’ বাস্তবায়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা, মশা নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন।
উৎসবকে ঘিরে পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নগরজীবনের নানা অনুষঙ্গ তুলে ধরতে নেওয়া হয়েছে বিভিন্ন আয়োজন। এর অংশ হিসেবে ২১ আগস্ট বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। একই দিনে সদরঘাট থেকে হেরিটেজ ক্রুজে ভ্রমণেরও আয়োজন থাকছে।
১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরে আয়োজন করা হবে নাট্যোৎসব। এ ছাড়া ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে ঢাকাকে কেন্দ্র করে নির্মিত পুরোনো চলচ্চিত্র প্রদর্শনের কর্মসূচি রয়েছে।
২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা ও পালকি নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রা বের করা হবে। এতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যানবাহন ও সাংস্কৃতিক আবহ তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
পরদিন ৩০ আগস্ট লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব ও কাওয়ালি। উৎসবের শেষ পর্যায়ে ৫ সেপ্টেম্বর থাকছে ‘ঢাকার প্রতি ভালোবাসার চিঠি’ কর্মসূচি এবং পুরান ঢাকার পঞ্চায়েতি আড্ডা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, শুধু বিনোদন আয়োজন নয়, ঢাকার ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও এ উৎসবের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নগরবাসীকে শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষা ও নাগরিক দায়িত্ব পালনে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রাচীন নগর ঢাকার ইতিহাসের সঙ্গে নদী, স্থাপত্য, খাবার, সংস্কৃতি, উৎসব ও মানুষের জীবনযাত্রা গভীরভাবে যুক্ত। সেই ঐতিহ্যকে সামনে রেখে মাসব্যাপী আয়োজনের মধ্য দিয়ে ঢাকার প্রতি নগরবাসীর আবেগ ও দায়বদ্ধতাকে আরো জোরালো করার প্রত্যাশা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সানা/কেএমএএ/আপ্র/১৫/৮/২০২৬