গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪ পিএম, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৬ এএম ২০২৬
ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্কের একটি বাণিজ্যিক জাহাজ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জন মিশরীয় নাগরিকও রয়েছেন। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

মিশরীয় নৌবাহিনী উদ্ধার হওয়া ব্যক্তিদের পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে নিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যান।

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন পোর্ট সাঈদে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় হেফাজতে থাকা বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের আইনি সহায়তা ও দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

দূতাবাসের কর্মকর্তারা পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে গিয়ে ১৫ বাংলাদেশির সঙ্গে সরাসরি কথা বলেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে তারা পৃথক সময়ে লিবিয়ায় যান। পরে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশের উদ্দেশ্যে কেউ মানবপাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করেন, আবার কেউ লিবিয়ার বিভিন্ন চক্রের মাধ্যমে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্যোগ নেন।

বাংলাদেশিদের ভাষ্য, ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাসে তারা পাচারকারীদের বিপুল পরিমাণ অর্থ দেন। কেউ কেউ অর্থের জোগান দিতে দেশে থাকা জমিজমা বিক্রি করেন। ক্ষেত্রবিশেষে প্রত্যেকে ১০ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করেছেন।

তারা জানান, গত ১০ জুলাই দিবাগত রাতে মিশরীয় নাগরিকসহ ৪৭ জন একটি রাবারের নৌকায় করে লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। নৌকাটিতে স্পিডবোটের ইঞ্জিন থাকলেও কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। তাদের বলা হয়েছিল, প্রায় ৩৬ ঘণ্টায় গ্রিসে পৌঁছে যাবেন।

কিন্তু নেভিগেশন ব্যবস্থা না থাকায় নৌকাটি দিক হারিয়ে প্রায় ৪৮ ঘণ্টা ভূমধ্যসাগরে ঘুরতে থাকে। একপর্যায়ে জ্বালানি শেষ হয়ে গেলে নৌকাটি অচল হয়ে সাগরে ভাসতে থাকে। প্রায় দুই দিন তিন রাত পর্যাপ্ত খাবার ও পানীয় জল ছাড়াই তাদের সাগরে থাকতে হয়।

জীবন বাঁচাতে দূরে কোনো জাহাজের আলো দেখা গেলে মোবাইল ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সাহায্যের সংকেত দেওয়ার চেষ্টা করেন তারা। পরে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ ‘মায়েরস্ক’ তাদের উদ্ধার করে মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করে।

দীর্ঘ সময় প্রতিকূল পরিবেশে সাগরে অবস্থানের কারণে ১৫ বাংলাদেশির অনেকেই শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছেন। গ্রিসে পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা হতাশ হলেও বর্তমানে দ্রুত দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

হেফাজতে থাকা বাংলাদেশিরা হলেন—মুন্সিগঞ্জের মো. শাওন খান, সুনামগঞ্জের মো. সাজুর আহমেদ, সুলেমান মিয়া, হবিগঞ্জের মো. সবুজ আহমেদ, মো. সারওয়ার হোসেন, সুনামগঞ্জের মো. সেলিম হোসেন, ফরিদপুরের মো. সাইম শেখ, কিশোরগঞ্জের মো. তোফায়েল হোসেন, হবিগঞ্জের জয় শেখ, সিলেটের জয়নাল উদ্দিন, হবিগঞ্জের আব্দুল আওয়াল চৌধুরী, সুনামগঞ্জের মো. মেহেদী হাসান, মো. মাসুম মিয়া, হবিগঞ্জের মো. শিহাব উদ্দিন এবং তুহিন মিয়া।

দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন জানান, মিশরের আইনি প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশিদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের বৈধ পাসপোর্ট নেই, তাদের জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ট্রাভেল পারমিট ইস্যুর ব্যবস্থা করা হয়েছে।

তিনি ঝুঁকিপূর্ণ ও অনিয়মিত সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি মানবপাচারকারী চক্রের প্রলোভনে না পড়তে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

এসি/আপ্র/১১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প
১১ আগস্ট ২০২৬

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে পরিবর্তনের নির্দেশ দিয়ে...

যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল
১১ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে পৌনে ২ লাখ বিদেশির ভিসা বাতিল

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে এখন পর্যন্ত ১ লাখ ৭৫ হাজারের বেশি বিদেশি নাগরিকের ভিসা...

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, দফায় দফায় আফটারশক
১১ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, দফায় দফায় আফটারশক

কলম্বিয়ায় আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত...

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প
১০ আগস্ট ২০২৬

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চান ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে নতুন পরমাণু চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সমঝোতায় যেতে পারে-এমন সম্ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই