ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। সংঘর্ষ ও শ্রমিক অসন্তোষের পর শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ শুরু করেন। অন্যদিকে জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা হাজিরা দিয়েও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন। হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের মধ্যে আলমগীর ও এক নারী শ্রমিকের নাম পাওয়া গেছে। বিভিন্ন প্রতিবেদনে ওই নারী শ্রমিকের নাম রাফিয়া ও রাজিয়া উল্লেখ করা হয়েছে। তাঁর মাথায় রাবার বুলেটের আঘাত লেগেছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ আরো কয়েকজন আহত হয়েছেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশীদ জানান, সকালে আহত অবস্থায় দুই শ্রমিক হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে নারী শ্রমিকের মাথায় রাবার বুলেটের আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তাঁরা বিক্ষোভ করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে পুলিশ তাঁদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি।
তবে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করেছে, তবে কোনো রাবার বুলেট নিক্ষেপ করেনি। শ্রমিকদের ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালনের পর সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে তিন প্লাটুন, নারায়ণগঞ্জে নয় প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, শরীরে বহনযোগ্য ক্যামেরা ও বিশেষ পর্যবেক্ষণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
শ্রমিকদের দাবি, তাঁদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাম্প্রতিক সময়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে এ দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে তাঁদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জানানো হয়, পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকেরা জানুয়ারি মাসে নতুন বেতন পাবেন।
উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। পরের মাস থেকে তা কার্যকর হয়। ওই সময় শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।
সানা/আপ্র/১০/১১/২০২৬