কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানা মমোকে ছুরিকাঘাতের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, প্রত্যাখ্যান এবং অন্য এক তরুণের সঙ্গে মমোর ঘনিষ্ঠতার জেরে ক্ষুব্ধ হয়ে ইমন (১৭) এ হামলা চালিয়েছে বলে একাধিক সূত্রের দাবি। তবে পরিবারের অভিযোগ, দীর্ঘদিন উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং বিষয়টি ইমনের পরিবারকে জানানোর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।
গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার ফটকের সামনে এ ঘটনা ঘটে। এসএসসির টেস্ট পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় পেছন থেকে মমোকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইমন।
পরিবারের অভিযোগ, ইমন দীর্ঘদিন ধরে মমোকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে প্রতিবাদ জানানো এবং ইমনের পরিবারের কাছে অভিযোগ দেওয়ার জেরেই সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। অন্যদিকে, একাধিক সূত্রের দাবি, সম্প্রতি মমোর সঙ্গে ইমনের সম্পর্কের অবনতি ঘটে। পাশাপাশি অন্য এক তরুণের সঙ্গে মমোর ঘনিষ্ঠতা মেনে নিতে না পেরে ক্ষুব্ধ হয় ইমন। এসব বিষয়কে কেন্দ্র করেই সে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ইমন আত্মগোপনে চলে যায়। পরে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ছুরিকাঘাতে আহত মমো কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রেমের সম্পর্কের টানাপোড়েন, প্রত্যাখ্যান কিংবা পারিবারিক বিরোধ-যে কারণেই এ হামলা ঘটে থাকুক, একজন শিক্ষার্থীর ওপর এমন সহিংসতার কোনও গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না।
সানা/ডিসি/আপ্র/১০/১১/২০২৬