গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৭ এএম ২০২৬
ষড়যন্ত্র করে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি

মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

দেশের ভেতরে ও বাইরে থেকে সম্মিলিতভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের অভ্যন্তরে স্থানীয় সহযোগীদের নিয়ে এবং সীমান্তের ওপার থেকে উৎসাহ পেয়ে এসব ষড়যন্ত্র করছে। তবে সরকার কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রধান রফতানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার জন্য দেশের বাইরে থেকে একটি নীলনকশা তৈরি করা হয়েছিল। দেশের ভেতরের কিছু মানুষের সহযোগিতায় তা বাস্তবায়নের চেষ্টা হয়েছে। তবে সরকার সেই চেষ্টা নস্যাৎ করেছে।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, শিল্প পুলিশ, বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করেছে। মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। শিল্প খাত ও বিনিয়োগের পরিবেশ রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের ভেতরে কিংবা বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাতের অন্ধকারে পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপারবিহীন কোনো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটলেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যজন পালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির কাছে একটি গাড়ির ছাদের ওপর ককটেল বিস্ফোরণ হয়েছে। এ কারণে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে; এমন বলা যায় না।”

তিনি আরো বলেন, “রাতের অন্ধকারে অথবা ভোরে কোথাও কোনো পরিত্যক্ত বাস কিংবা চালক-হেলপার নেই, এমন কোনো গাড়িতে আগুন দেওয়া হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না। এই দুই-একটি প্রতীকী ঘটনা একত্রিত করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ- এমন বলা আমার মনে হয় যৌক্তিক নয়।”

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে।

গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে জামায়াত ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সংশ্লিষ্ট ফোন নম্বর ও কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা জানালে সরকার তদন্ত করে দেখবে।

শিল্পাঞ্চলে অস্থিরতা ঠেকাতে তৎপরতা: শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের কয়েকটি এলাকায় শিল্পকারখানা রয়েছে। এসব এলাকায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রফতানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে বেকার হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে।

শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁরা সবাই সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের দোসর শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতাও তারা পেয়েছে বলে সরকার লক্ষ্য করেছে। তবে তাদের চেষ্টা সফল হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এই মহান জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে শিল্প মালিকদের, বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করতে চাই- এই দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না। অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে। দেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে, ইনশাআল্লাহ।”

হত্যাকাণ্ড কমেছে প্রায় ৩০০: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে যে সংবাদপত্রের প্রতিবেদন দেখানো হয়েছে, তাতে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তবে পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।

তিনি বলেন, “অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের তুলনায় অবনতি হয়েছে কি না, তা বলতে হলে আগের বছরের পরিসংখ্যানও সামনে আনতে হবে। একই পরিসংখ্যান গত বছরের তুলনায় এবার প্রায় ৩০০টি কম হয়েছে। সেটি উন্নতি না অবনতি, তা বিবেচনা করতে হবে।”

এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দেবেন, যাতে যে কেউ তথ্যের সত্যতা যাচাই করতে পারেন।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশের অভ্যন্তরে হোক, সীমান্তের বাইরে হোক কিংবা সম্মিলিতভাবে- কোনো ষড়যন্ত্র বা নীলনকশা এখানে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মুখে। কেউ যদি তাকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করে, জাতি তা দেখবে। আমরা সেই ষড়যন্ত্র উন্মোচন করব।”
সানা/আপ্র/১০/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
১০ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদ...

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
১০ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয়...

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা,  নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির
১০ নভেম্বর ২০২৬

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, নিরাপত্তা জোরদারের নির্দেশ আইজিপির

দেশজুড়ে সহিংসতা ও নাশকতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ঢাকা ও ছয় জেলায় অন্তত ২৮টি...

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড
১০ নভেম্বর ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ফের রিমান্ড

রাষ্ট্রদ্রোহের অভিযোগ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই