গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

ইরান যুদ্ধের ব্যয় মিত্রদের দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৪ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫১ এএম ২০২৬
ইরান যুদ্ধের ব্যয় মিত্রদের দিতে হবে: ট্রাম্প
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ছবি রয়টার্স

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের ক্ষতিপূরণ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের কাছ থেকে আদায়ের দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্র যেসব দেশকে রক্ষা করেছে, যুদ্ধের ব্যয় তাদেরই বহন করতে হবে। মার্কিন সামরিক হস্তক্ষেপ না থাকলে এসব দেশের অস্তিত্ব বিপন্ন হতো বলেও দাবি করেন তিনি।

গত রোববার (৮ নভেম্বর) প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে উপস্থাপক রস ডাউথাটের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এই সব টাকা ফেরত পাব। তারা তা দেবে, শতভাগ। কারণ আমরা না থাকলে তাদের অস্তিত্বই থাকত না।’

এবারই প্রথম স্পষ্টভাবে ইসরায়েলের কাছ থেকেও যুদ্ধের ব্যয় আদায়ের কথা বলেছেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি তা না করলে এখন ইসরায়েল বলে কিছু থাকত না।’

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর এ বক্তব্য দিলেন তিনি। নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধ নিয়ে জনঅসন্তোষের আংশিক ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে ‘খুব ভালো সিদ্ধান্ত’ বলেও দাবি করেন তিনি।

কার কাছে ক্ষতিপূরণ চান ট্রাম্প
ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকেও যুদ্ধের ব্যয় ফেরত চান ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালির আশপাশে মার্কিন সামরিক উপস্থিতি থেকে উপকৃত দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলেছিলেন তিনি।

তবে উপসাগরীয় দেশগুলোর দাবি, যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটন তাদের অবহিত করেনি। বরং ইরানের পাল্টা হামলার ক্ষতি তাদেরই সামলাতে হয়েছে। এসব দেশ সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সরাসরি অর্থ আদায়ের পরিবর্তে বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ ও অস্ত্র কেনার মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করতে পারেন ট্রাম্প। কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদর আল-সাইফের মতে, বিদ্যমান বাণিজ্য চুক্তি ও বিনিয়োগের প্রতিশ্রুতিকে ক্ষতিপূরণ হিসেবে উপস্থাপন করতে পারেন তিনি। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ বুসাইদের ধারণা, অতিরিক্ত মার্কিন অস্ত্র কেনা এবং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এ দাবি বাস্তবায়নের চেষ্টা হতে পারে।

চ্যাথাম হাউসের সহযোগী ফেলো নিল কুইলিয়ামের মতে, ট্রাম্পের বক্তব্যকে বাস্তব নীতিগত সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত। অন্যদিকে, বিশ্লেষক ফরিদ বুসাইদ মনে করেন, ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোর ক্ষতি হয়েছে। তাই নতুন আর্থিক দায় চাপানোর দাবি গ্রহণযোগ্য হবে না।

ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারজিয়া কুহি ইসফাহানির মতে, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহায়তা পাওয়া ইসরায়েলের কাছ থেকে এখন যুদ্ধের ব্যয় আদায় করাও সহজ হবে না।

উল্লেখ্য, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দাঁড়িয়েছিল ৪ হাজার ৭১০ কোটি ডলার। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়। মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের সেপ্টেম্বরের প্রাক্কলন অনুযায়ী, যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে। সূত্র: আল জাজিরা ও সিবিএস নিউজ
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ
১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা...

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন
১১ নভেম্বর ২০২৬

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন

শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে...

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে
১১ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে চীনের রাজনৈতিক সদিচ্ছা বিশ্...

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত
১১ নভেম্বর ২০২৬

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত

সৌদি আরবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় কেনীয় নারী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ বেত্রাঘাতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই