গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুব গরম চা-কফিতে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৯ এএম ২০২৬
খুব গরম চা-কফিতে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে
ছবি

গবেষণায় দেখা গেছে, পানীয়ের তাপমাত্রা এবং খুব গরম পানীয় পানের পরিমাণ-উভয়ের সঙ্গেই খাদ্যনালীর স্কোয়ামাস সেল কার্সিনোমা নামের ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক রয়েছে- প্রতীকী ছবি

খুব গরম চা-কফি পান করলে খাদ্যনালীর একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সারের ঝুঁকি প্রায় তিন গুণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে উঠে এসেছে বিশ্বের এ বিষয়ে হওয়া সবচেয়ে বড় গবেষণাগুলোর একটিতে। যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের গরম পানীয় পানের অভ্যাস বিশ্লেষণ করে এ ফল পাওয়া গেছে। দীর্ঘমেয়াদি অভ্যাস ও স্বাস্থ্যের চিত্র পেতে গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ১৪ বছর ধরে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, পানীয়ের তাপমাত্রা এবং খুব গরম পানীয় পানের পরিমাণ-উভয়ের সঙ্গেই খাদ্যনালীর স্কোয়ামাস সেল কার্সিনোমা নামের ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক রয়েছে। তবে খাদ্যনালীর আরেক ধরনের ক্যান্সার অ্যাডিনোকার্সিনোমার সঙ্গে গরম পানীয় পানের তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিজ্ঞানভিত্তিক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল ক্যান্সার জার্নাল’-এ গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় পানীয় পানের পরিমাণ ও অন্যান্য বিষয় সমন্বয় করে দেখা যায়, ‘খুব গরম’ পানীয় পানকারীদের খাদ্যনালীর স্কোয়ামাস সেল কার্সিনোমার ঝুঁকি ‘কুসুম গরম’ পানীয় পানকারীদের তুলনায় প্রায় তিন গুণ। অন্যদিকে অ্যাডিনোকার্সিনোমার ক্ষেত্রে এমন সম্পর্ক দেখা যায়নি।

তাপমাত্রার বিষয়টি হিসাবের মধ্যে নেওয়ার পরও প্রতিদিন ছয় বা তার বেশি গরম পানীয় পানকারীদের ক্ষেত্রে ছয়টির কম গরম পানীয় পানকারীদের তুলনায় স্কোয়ামাস সেল কার্সিনোমার ঝুঁকি ৭১ শতাংশ বেশি পাওয়া গেছে। অ্যাডিনোকার্সিনোমার সঙ্গে প্রতিদিন বেশি গরম পানীয় পানের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।

গবেষণাটি পরিচালিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ পুষ্টি মহামারিবিদ ড. কেরেন প্যাফিয়ারের নেতৃত্বে।

গবেষণায় অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা সাধারণত কী তাপমাত্রায় গরম পানীয় পান করতে পছন্দ করেন। সম্ভাব্য উত্তর ছিল - ‘খুব গরম’, ‘গরম’, ‘কুসুম গরম’ এবং ‘গরম পানীয় পান করি না’। অর্থাৎ গবেষণায় ব্যবহৃত তাপমাত্রা নির্দিষ্ট যন্ত্রে মেপে নেওয়া হয়নি; অংশগ্রহণকারীদের নিজেদের অনুভূতি ও অনুমানের ভিত্তিতেই তা নির্ধারণ করা হয়েছে।

গবেষকদের মতে, এ বিষয়টি গবেষণার একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা। কারণ একই তাপমাত্রার পানীয় একজনের কাছে খুব গরম মনে হলেও অন্যজনের কাছে তা তুলনামূলকভাবে সহনীয় মনে হতে পারে।

আগের গবেষণার ফলের সঙ্গেও মিল: পশ্চিম ইউরোপের মানুষের ওপর পরিচালিত এই গবেষণার ফল এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যে আগে পরিচালিত গবেষণার ফলাফলের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

আগের এসব গবেষণায় দেখা গেছে, ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চা অথবা দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় ক্যাফেইনযুক্ত ভেষজ পানীয় মাতে পান করলে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থাও ২০১৬ সালে জানিয়েছিল, ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার অত্যন্ত গরম পানীয় মানুষের জন্য সম্ভবত ক্যান্সার সৃষ্টিকারী এবং খাদ্যনালীর ক্যান্সারের সম্ভাব্য কারণ হতে পারে।

গবেষকদের ধারণা, অত্যন্ত গরম পানীয়ের তাপে খাদ্যনালীর ভেতরের কোষ বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। ধূমপান ও অ্যালকোহল পানও খাদ্যনালীর এ ধরনের ক্যান্সারের গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কারণ।

গবেষণা দলের মতে, খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত মানুষের সংখ্যা কমাতে স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো মানুষকে অত্যন্ত গরম পানীয় এড়িয়ে কিছুটা ঠান্ডা করে এবং পরিমাণে কম পান করতে উৎসাহিত করতে পারে।

গবেষণার অন্যতম অর্থায়নকারী সংস্থা ক্যান্সার রিসার্চ ইউকের স্বাস্থ্য তথ্য বিভাগের প্রধান ফিওনা ওসগান বলেন, চা বা কফি কতক্ষণ ঠান্ডা করতে হবে, তার নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে কারও উদ্বেগ থাকলে অত্যন্ত গরম অবস্থায় না খেয়ে পানীয়টি পানের উপযোগী তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত।

তবে খাদ্যনালীর স্কোয়ামাস সেল কার্সিনোমার ঝুঁকি কমানোর জন্য ক্যাফে, কফির দোকান বা রেস্তোরাঁগুলোকে আরো কম তাপমাত্রায় চা-কফি পরিবেশন শুরু করা উচিত - এমনটা মনে করে না সংস্থাটি।

গবেষণার সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ: লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মুখগহ্বরের ক্যান্সার চিকিৎসাবিষয়ক অধ্যাপক মুয়-টেক তে গবেষণাটির সীমাবদ্ধতার দিকটি তুলে ধরেছেন। তার মতে, অংশগ্রহণকারীদের নিজেদের অনুমানের ভিত্তিতে পানীয়ের তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে - যা গবেষণার ফলাফলে প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, পানীয়ের তাপমাত্রা অনুভবের বিষয়টি স্বভাবগতভাবেই একেক মানুষের ক্ষেত্রে একেক রকম। যারা খুব গরম পানীয় পছন্দ করেন বা সহজে সহ্য করতে পারেন, তাদের তাপমাত্রা অনুভূতির সক্ষমতায় কোনো পার্থক্য রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তার ভাষ্য, এ ধরনের পার্থক্য কারও স্কোয়ামাস সেল কার্সিনোমার জৈবিক প্রবণতার ইঙ্গিতও হতে পারে এবং সে কারণে তারা অতিরিক্ত গরম পানীয় পানে বেশি অভ্যস্ত হতে পারেন। ফলে গবেষণায় দেখা ঝুঁকির পেছনে অন্য কোনো কারণের ভূমিকা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।

তবে একই সঙ্গে অত্যন্ত গরম পানীয়ের সঙ্গে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকির সম্পর্ক নিয়ে আগের বিভিন্ন অঞ্চলের গবেষণার ফলও একই দিকে ইঙ্গিত করছে। ফলে চা বা কফি পান বন্ধ করার প্রয়োজন না থাকলেও তা অত্যন্ত গরম অবস্থায় পান না করার বিষয়টি স্বাস্থ্যসচেতনতার অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
সানা/ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডিএনএ মিলিয়ে জানা গেল দুই বন্ধু আসলে দুই বোন
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডিএনএ মিলিয়ে জানা গেল দুই বন্ধু আসলে দুই বোন

নেদারল্যান্ডসের মিনা গেলটিঙ্ক ও মিনাল টিসেনের বন্ধুত্বের গল্প শুরু হয়েছিল কৈশোরে। প্রথম দেখায় দুজনের...

সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

সাপের কামড়ের চিকিৎসায় নতুন অ্যান্টিভেনম হতে পারে যুগান্তকারী

সাপের বিষে আক্রান্ত মানুষকে বাঁচাতে এত দিন চিকিৎসকদের হাতে ছিল সীমিত কিছু উপায়। বিষধর সাপের প্রজাতিভ...

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই