গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ জুলাই ২০২৬

মেনু

কম্পিউটারে সরাসরি এআই চলার চিপ আনল এনভিডিয়া

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ০৮:৪৯ এএম ২০২৬
কম্পিউটারে সরাসরি এআই চলার চিপ আনল এনভিডিয়া
ছবি

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

ব্যক্তিগত কম্পিউটারে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা পৌঁছে দিতে নতুন প্রজন্মের একটি চিপ উন্মোচন করেছে এনভিডিয়া। ‘আরটিএক্স স্পার্ক’ নামের এ চিপটি ইন্টারনেট বা ক্লাউডভিত্তিক সেবার ওপর নির্ভর না করে কম্পিউটারের নিজস্ব ব্যবস্থাতেই স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট পরিচালনা করতে সক্ষম হবে।

মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে তৈরি এ চিপকে ব্যক্তিগত কম্পিউটিং খাতে বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, এ উদ্ভাবন ভবিষ্যতে অ্যাপল, ইনটেল ও এএমডির মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তাইওয়ানে চলমান ‘কম্পিউটেক্স’ সম্মেলনে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘আরটিএক্স স্পার্ক’ মাইক্রোসফটের সঙ্গে তিন বছরের যৌথ গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টার ফল। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের উপযোগী করে ব্যক্তিগত কম্পিউটারকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যেই এটি তৈরি করা হয়েছে। এ প্রকল্পে তাইওয়ানের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মিডিয়াটেকও গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন চিপটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন বা এজেন্ট পরিচালনার জন্য দূরবর্তী তথ্যকেন্দ্র বা ক্লাউড অবকাঠামোর ওপর নির্ভর করবে না। বরং কম্পিউটারের নিজস্ব হার্ডওয়্যারেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে, যা গতি, গোপনীয়তা ও কার্যকারিতা বাড়াবে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর সহপ্রতিষ্ঠাতা নিলো শাহ বলেন, “আরটিএক্স স্পার্ক প্রচলিত অ্যাপভিত্তিক কম্পিউটারকে কাজকেন্দ্রিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টচালিত ব্যক্তিগত কম্পিউটারে রূপান্তর করবে। ভবিষ্যতে ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এ প্রযুক্তি ঘরে ঘরে পৌঁছে যাবে।”

তিনি আরো বলেন, ব্যক্তিগত কম্পিউটিং খাতের জন্য ‘আরটিএক্স স্পার্ক’ এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা একসময় স্মার্টফোন কিংবা আধুনিক কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের সঙ্গে তুলনীয় হয়ে উঠতে পারে।

চিপটির পাশাপাশি এনভিডিয়া নতুন ‘ভেরা’ কেন্দ্রীয় প্রসেসরও উন্মোচন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি যে ব্যক্তিগত কম্পিউটার ও প্রসেসর বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে চায়, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।

জেনসেন হুয়াং বলেন, ‘ভেরা’ প্রসেসরটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ওপেনএআই, অ্যানথ্রপিক ও স্পেসএক্সের মতো প্রতিষ্ঠান এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দেখিয়েছে।

এনভিডিয়ার এ ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। প্রাক-বাজার লেনদেনে এএমডি ও ইনটেলের শেয়ারদর প্রায় চার শতাংশ কমে যায়। কোয়ালকমের শেয়ারদর কমে প্রায় সাত শতাংশ এবং অ্যাপলের শেয়ারদরও কিছুটা হ্রাস পায়। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারদর তিন দশমিক এক শতাংশ বেড়ে যায়।

স্বয়ংক্রিয় এআই এজেন্টের যুগে প্রবেশ: প্রযুক্তি খাতের নেতারা মনে করছেন, শিল্পটি এখন সাধারণ প্রশ্ন-উত্তরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও স্বাধীন এজেন্টভিত্তিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে।

কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো আমনও সম্প্রতি বলেছেন, ২০২৬ সাল কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের বছর।

তার ভাষায়, “দুই বছর আগে আমরা আলোচনা করেছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষ ও কম্পিউটারের মধ্যকার যোগাযোগের ধরন বদলে দেবে। এখন সেই পরিবর্তন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ কারণেই আমরা ২০২৬ সালকে কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের বছর হিসেবে দেখছি।”

তিনি বলেন, ভবিষ্যতের এজেন্টভিত্তিক প্রযুক্তি পরিচালনার জন্য স্থানীয়ভাবে তথ্য প্রক্রিয়াকরণ বা ‘লোকাল এজ কম্পিউটিং’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বর্তমানের অধিকাংশ ডিভাইস ব্যবহারকারীর নির্দেশে কাজ করার জন্য তৈরি হলেও স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী এজেন্টের জন্য সেভাবে প্রস্তুত নয়।

নতুন বাজারে নজর এনভিডিয়ার: এর আগে মে মাসে এক আর্থিক সভায় জেনসেন হুয়াং বলেছিলেন, নতুন ‘ভেরা’ প্রসেসর বাজারে আসার মাধ্যমে এনভিডিয়ার সামনে প্রায় ২০ হাজার কোটি ডলারের নতুন বাজার উন্মুক্ত হতে যাচ্ছে।

বিশ্ব প্রযুক্তি খাতে তাইওয়ানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ভেরা প্রসেসর আমাদের ব্যবসার প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠবে।”

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সফটওয়্যার প্রকৌশলীদের চাহিদা কমে যাবে- এমন ধারণাও প্রত্যাখ্যান করেন হুয়াং। তার মতে, এ প্রযুক্তি কর্মীদের উৎপাদনশীলতা বাড়াবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি কমিয়ে দিচ্ছে- এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এ প্রযুক্তি আরো বেশি সফটওয়্যার প্রকৌশলী নিয়োগের সুযোগ তৈরি করছে।”

সম্প্রতি তাইওয়ানে বার্ষিক প্রায় ১৫ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছেন হুয়াং। তার মতে, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান।

প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ আয়োজন ‘কম্পিউটেক্স’ প্রদর্শনী ২ থেকে ৫ জুন পর্যন্ত চলবে।
সানা/আপ্র/৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক
২৫ জুলাই ২০২৬

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফে...

আগস্টে চাঁদে আছড়ে পড়বে স্পেসএক্স রকেটের অংশ
২৪ জুলাই ২০২৬

আগস্টে চাঁদে আছড়ে পড়বে স্পেসএক্স রকেটের অংশ

মহাকাশে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে থাকা স্পেসএক্সের একটি রকেটের অংশ আগামী আগস্টে চাঁদের বুকে আছড়ে পড়তে যা...

এআই বিপ্লবের যুগে চাকরির ভবিষ্যৎ, মানুষ কি  কর্মক্ষেত্র হারাবে?
২৪ জুলাই ২০২৬

এআই বিপ্লবের যুগে চাকরির ভবিষ্যৎ, মানুষ কি কর্মক্ষেত্র হারাবে?

একসময় কারখানায় যন্ত্রের আগমন নিয়ে ভয় ছিল—যন্ত্র মানুষের কাজ কেড়ে নেবে। পরে কম্পিউটার, ইন্টারনেট ও স্...

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন
১৯ জুলাই ২০২৬

ফিরে এলো ফেসবুকের ডেস্কটপ ভার্সন

প্রায় দুই ঘণ্টার বিভ্রাট শেষে আবারো স্বাভাবিক হয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে