ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে বড় পর্দায় অভিষেকের পর দীর্ঘ সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে নিজের অভিনয় দিয়ে রাঙিয়েছেন ঢালিউড। আজ ৩ নভেম্বর এই নন্দিত অভিনের্ত্রীর জন্মদিন।
গত কয়েক বছরের মতো এবারও জন্মদিনে দেশে নেই মৌসুমী। তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে দূরে থাকলেও ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অভিনেত্রী। তাঁকে বিশেষভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বামী ও অভিনেতা ওমর সানী। শুভেচ্ছা বার্তায় স্ত্রীকে দিয়েছেন বিশেষ এক তকমা।
মৌসুমীর কয়েকটি ছবি দিয়ে তৈরি কোলাজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ওমর সানী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’
এর আগে গতকাল মধ্যরাতেও একটি ভিডিও বার্তা দেন ওমর সানী। সেখানে তিনি বলেন, ‘যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় নয়। আজ তোমার জন্মদিন; প্রায় ৩৫ বছর ধরে এই জন্মদিন পালন করে যাচ্ছি আমরা। তোমার গ্রিন কার্ড পাওয়ার খবরে সবাই শুভেচ্ছা জানিয়েছে, আমিও জানিয়েছি। এটা দারুণ ব্যাপার। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে, কিছুদিনের মধ্যেই আমাদের দেখা হচ্ছে।’
জন্মদিনে মৌসুমীর সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ওমর সানী। তিনি বলেন, ‘মানুষ তোমাকে যে সম্মান করে, আল্লাহ যেন তোমাকে আরও সম্মানিত করে।’
মৌসুমীর পুরো নাম আরিফা পারভীন জামান মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন তিনি। নব্বইয়ের দশকের গোড়ার দিকে একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। একই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সালমান শাহও।
অভিষেকেই সাফল্য পান মৌসুমী। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনীত দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’, ‘বিদ্রোহী বধূ’, ‘লুটতরাজ’, ‘আম্মাজান’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘চাই ক্ষমতা’, ‘বীর সৈনিক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মিনিস্টার’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মেশিনম্যান’, ‘গোলাপি এখন বিলেতে’, ‘প্রজাপতি’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। এ ছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাস পুরস্কার পেয়েছেন ছয়বার করে।
অভিনয়ের পাশাপাশি গান ও পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন মৌসুমী। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’। পরে নির্মাণ করেন ‘মেহের নিগার’। এ ছাড়া একাধিক সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও গান করেছেন তিনি।
এসি/আপ্র/০৩/১১/২০২৬