গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৫৬ এএম ২০২৬
বিভিন্ন দেশে বড় বিপর্যয়ের শঙ্কা, ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ
ছবি

ছবি সংগৃহীত

হঠাৎ ঝড় বা ভূমিকম্পে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে গেল। দোকানপাট বন্ধ, অচল যোগাযোগব্যবস্থা। ঘরে থাকা খাবারও একসময় ফুরিয়ে গেল। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিয়ে কীভাবে চলবে—এমন প্রশ্ন সামনে রেখে নাগরিকদের আগাম প্রস্তুতি নিতে বলছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার। পরামর্শ দেওয়া হচ্ছে, অন্তত ৭২ ঘণ্টা যেন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারেন, সে অনুযায়ী জরুরি সামগ্রী ঘরে রাখতে হবে।

গত ২২ অক্টোবর যুক্তরাজ্য ‘বি রেডি’ নামে তিন বছর মেয়াদি একটি জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। এতে নাগরিকদের অন্তত তিন দিনের প্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকার আহ্বান জানাতে যাচ্ছে জাপান। অন্যদিকে, ফ্রান্স ২০২৫ সালের নভেম্বরে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ২০ পৃষ্ঠার একটি নির্দেশিকা প্রকাশ করেছে।

সরকারগুলোর এমন উদ্যোগের পেছনে রয়েছে একাধিক সংকট একসঙ্গে তৈরি হওয়ার আশঙ্কা। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অন্য দেশের হামলা, সাইবার আক্রমণ কিংবা বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া জ্বালানি সরবরাহ, ব্যাংকিং ও পরিবহনব্যবস্থাও অচল হওয়ার ঝুঁকি রয়েছে।

যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ও দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ ড্যানিয়েল অলড্রিচ বলেন, বড় ধরনের ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে ঘরবাড়ির পাশাপাশি ব্যাংকিং ও অর্থ লেনদেনের ব্যবস্থাও অচল হয়ে পড়তে পারে।

একই সময়ে সাইবার হামলা হলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। কারণ, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীল পানি সরবরাহ, চিকিৎসাসেবা ও পরিবহনব্যবস্থা। ফলে একটি সেবা বন্ধ হলে তার প্রভাব ছড়িয়ে পড়তে পারে অন্য খাতেও। এমনকি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহেও বিঘ্ন ঘটতে পারে।

প্রথম ৭২ ঘণ্টা কেন গুরুত্বপূর্ণ

অলড্রিচের মতে, বড় ধরনের দুর্যোগের পর প্রথম ৭২ ঘণ্টায় সরকারের পক্ষে সবার কাছে জরুরি সহায়তা পৌঁছানো সম্ভব নাও হতে পারে। এ সময় নাগরিকদের নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি থাকতে হবে।

১৯৯৫ সালে জাপানের কোবে শহরে ভূমিকম্পের পর উদ্ধারকাজে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়া অনেক মানুষকে তাঁরা নিজেরাই উদ্ধার করেন। ২০১১ সালের ভূমিকম্প ও সুনামির সময়ও স্থানীয় মানুষের পারস্পরিক সহযোগিতা দুর্যোগ মোকাবিলায় বড় ভূমিকা রেখেছিল।

এসব অভিজ্ঞতা থেকে দুর্যোগের সময় পারস্পরিক সহযোগিতা ও আগাম প্রস্তুতির গুরুত্ব সামনে এসেছে। বিশেষ করে নর্ডিক দেশগুলোর জরুরি প্রস্তুতির মডেলে জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক নাগরিকের দায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দুর্যোগ, নাকি যুদ্ধের প্রস্তুতি

যুক্তরাজ্যের প্রচারাভিযান শুরু হয়েছে এমন সময়ে, যখন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং শত্রুভাবাপন্ন রাষ্ট্রগুলোর হুমকি, সাইবার হামলা ও নাশকতার বিষয়ে সতর্ক করেছেন।

অন্যদিকে, জাপান মূলত ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে। দেশটির নানকাই ট্রাফ অঞ্চলে বড় ভূমিকম্পের আশঙ্কা দীর্ঘদিনের।

ফ্রান্সের জরুরি নির্দেশিকায় যুদ্ধ, সাইবার হামলা এবং অন্য দেশের পক্ষ থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। এদিকে, নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টার জরুরি সামগ্রী প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কমিশনও।

ঘরে কী কী রাখতে হবে

নির্দেশনা অনুযায়ী, ঘরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, দীর্ঘদিন ভালো থাকে এমন খাবার, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, প্রাথমিক চিকিৎসার বাক্স, রেডিও, মুঠোফোনের চার্জার ও কিছু নগদ টাকা রাখতে হবে। পাশাপাশি পরিবারের শিশু, বয়স্ক ব্যক্তি ও পোষা প্রাণীর জন্য প্রয়োজনীয় সামগ্রীও মজুত রাখতে বলা হয়েছে।

যুক্তরাজ্যে সরকারের এমন আহ্বানের পর জরুরি সামগ্রীর বিক্রিও বেড়েছে। বিবিসির তথ্য অনুযায়ী, দেশটির সুপারমার্কেট চেইন আইসল্যান্ডে এক সপ্তাহান্তে টিনজাত খাবারের বিক্রি ৪০ শতাংশ বেড়েছে।

একই সময়ে রবার্ট ডায়াসে রেডিওর বিক্রি বেড়েছে ১৬০ শতাংশ। অন্যদিকে, ম্যাপলিনে রেডিওর বিক্রি ৯২ শতাংশ, টর্চলাইটের বিক্রি ২৮৪ শতাংশ এবং পাওয়ার ব্যাংকের বিক্রি ১০৬ শতাংশ বেড়েছে।

অন্য দেশগুলোর প্রস্তুতি

নিউজউইকের ২৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, কানাডা, জাপান, মেক্সিকো ও নেদারল্যান্ডসেও তিন দিনের জরুরি সামগ্রী রাখার পরামর্শ রয়েছে। সুইডেন ও নরওয়ে প্রায় এক সপ্তাহ এবং জার্মানি ১০ দিনের প্রস্তুতির কথা বলেছে।

যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটেও কয়েক দিন চলার মতো খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী রাখার নির্দেশনা রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর জন্য আলাদা ৯০ দিনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্য গার্ডিয়ানের ২ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ‘ফোর্ট্রেস আমেরিকা’ উদ্যোগের লক্ষ্য হলো, বাইরে থেকে সহায়তা না পেলেও গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো যেন ৯০ দিন কার্যক্রম চালাতে পারে। তবে এটি সাধারণ নাগরিকদের জন্য কোনো নির্দেশনা নয়।

তাহলে কি বড় বিপর্যয় আসছে

বিভিন্ন দেশের এসব উদ্যোগকে আসন্ন যুদ্ধ বা বড় কোনো বিপর্যয়ের নিশ্চিত পূর্বাভাস হিসেবে দেখার সুযোগ নেই। আধুনিক জীবনে বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, ব্যাংকিং ও যোগাযোগব্যবস্থা পরস্পরের ওপর নির্ভরশীল। ফলে একটি পরিষেবা বন্ধ হলে অন্যগুলোও ব্যাহত হতে পারে।

যুক্তরাজ্য সরকারও বলেছে, জরুরি প্রস্তুতি মানে একবারে বিপুল পরিমাণ খাবার বা পানি কিনে রাখা নয়। বরং ঘরে থাকা সামগ্রী পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে জরুরি জিনিসপত্র যোগ করাই এর মূল উদ্দেশ্য।

সূত্র: টাইমস নাউ নিউজ

এসি/আপ্র/০৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা
০৩ নভেম্বর ২০২৬

মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এক মার্ক...

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬
০৩ নভেম্বর ২০২৬

ইউক্রেনে ত্রাণকেন্দ্রে রাশিয়ার হামলায় নিহত ২৬

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন...

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি
০৩ নভেম্বর ২০২৬

বিশ্বে সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি

বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যা ও তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স...

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প
০২ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাস করা বিল আটক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই