ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব আবারও ঢাকায় আসছেন। আগামী ৫ নভেম্বর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতাবেন তিনি।
বিশেষ ভিডিও বার্তায় বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সঞ্জয়। তিনি বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা ছিল তার জন্য বিশেষ অভিজ্ঞতা। তবে নিজের দেশের মানুষের সামনে গান পরিবেশনের অনুভূতি আলাদা। সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
আয়োজনের পৃষ্ঠপোষক টেকনো বাংলাদেশের পক্ষে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখে বিশ্বমঞ্চে সংগীত পরিবেশন করছেন। তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে তারা আনন্দিত। ফুটবল ও সংগীতের মাধ্যমে দর্শকদের জন্য স্মরণীয় একটি উদ্বোধনী আয়োজন উপহার দেওয়ার প্রত্যাশাও জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল অংশ নেবে।
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬