গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মেনু

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি

অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:২২ এএম ২০২৬
অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি
ছবি

মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত -ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সম্ভাব্য অর্থনৈতিক চাপ মোকাবিলায় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মন্ত্রিসভা পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার।
অর্থমন্ত্রীকে প্রধান করে সাত সদস্যের এই কমিটি দেশের ওপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করবে।
মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সাত মন্ত্রী: প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির প্রধান থাকবেন অর্থমন্ত্রী। সদস্য হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী; স্বরাষ্ট্রমন্ত্রী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী; বাণিজ্যমন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং খাদ্যমন্ত্রী। অর্থ বিভাগ এই কমিটিকে সচিবালয় সহায়তা দেবে। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠক করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করবে কমিটি: কমিটির কার্যপরিধি নির্ধারণ করে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা হবে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সংকট ব্যবস্থাপনা পরিকল্পনাও প্রণয়ন করবে এই কমিটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জ্বালানি সরবরাহ, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি এবং বৈদেশিক বাণিজ্যের ওপর সম্ভাব্য চাপ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি বাজারে অস্থিরতা: বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় পারস্য উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশগুলোর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুই হাজার বাইশ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও বৈশ্বিক জ্বালানি ও খাদ্যবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই সরকার এই কমিটি গঠন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ: এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। এতে তিনটি পালায় মোট ২১ জন কর্মকর্তা এবং ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়া। এ ছাড়া নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখার উপসচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল।

তথ্য সংগ্রহ ও সমন্বয়: অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ শাখাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবেন। সেখান থেকে সংগৃহীত তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে সমন্বয়কারী কর্মকর্তার কাছে জমা দিতে হবে। সরকারের সংশ্লিষ্ট মহল বলছে, বৈশ্বিক পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের অর্থনীতি ও প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যেই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জ্বালানির কোনো সংকট নেই, দুই জাহাজে এসেছে ৩০ হাজার টন 
প্রায় ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ দেশে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে কোনো সংকট নেই।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দুটি জাহাজের মধ্যে একটি ইতোমধ্যে পৌঁছেছে এবং অন্যটি আউটার অ্যাঙ্করেজে রয়েছে। মঙ্গলবার দুপুরের মধ্যে সেখান থেকে জ্বালানি খালাস শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আগামী ১২ মার্চ আরো একটি জাহাজ আসার কথা রয়েছে।

পাম্পে ভিড় নিয়ে যা বললেন: সাম্প্রতিক সময়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দেওয়া দীর্ঘ লাইনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এসব লাইনের বেশিরভাগই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির। এই ধরনের যানবাহনে মূলত অকটেন ও পেট্রোল ব্যবহার হয় এবং এই দুই জ্বালানির কোনো ঘাটতি নেই। মানুষের মধ্যে জ্বালানি পাওয়া যাবে না বা দাম বাড়তে পারে- এমন উদ্বেগ থেকেই অনেকে আগেভাগে জ্বালানি নিচ্ছেন, ফলে পাম্পে ভিড় তৈরি হচ্ছে।”

দেশে পরিশোধন ও আমদানির চিত্র: প্রতিমন্ত্রী জানান, পেট্রোল প্রায় পুরোটাই দেশে পরিশোধিত হয়। অকটেনের বড় অংশও দেশেই উৎপাদন করা হয়, যদিও কিছু অংশ আমদানি করতে হয়। অন্যদিকে ডিজেল ও ফার্নেস অয়েলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা তুলনামূলক বেশি।

ভারত থেকে জ্বালানি আমদানি: ভারতের সঙ্গে পাইপলাইন চুক্তির আওতায় প্রতি মাসে গড়ে প্রায় ১৫ হাজার টন জ্বালানি আসার কথা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এর বড় একটি অংশ ইতোমধ্যে এসেছে এবং বাকি অংশও ধারাবাহিকভাবে সরবরাহ করা হচ্ছে। এই চুক্তি প্রতি বছর নবায়ন হয় এবং বর্তমানে এর মেয়াদও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই: আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও আপাতত দেশে জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, “ব্রেন্ট ক্রুড  দাম সম্প্রতি ১১৫ ডলার পর্যন্ত উঠেছিল, পরে তা ১০৬ ডলারে নেমে এসেছে। তবুও জনগণের দুর্ভোগ বাড়বে- এমন কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না।”  

রমজান ও ঈদ সামনে রেখে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি।

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য বড় সুখবর: দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এবং গ্রাহকদের মাঝে অমূলক আতঙ্ক দূর করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। নতুন এই নিয়ম অনুযায়ী, এখন থেকে মহানগর এলাকায় চলাচলকারী রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে বিপিসি চালকদের জন্য কিছু সুনির্দিষ্ট শর্তারোপ করেছে:
ক্রয় রশিদ সংরক্ষণ: ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় চালককে অবশ্যই ক্রয়ের রশিদ সংগ্রহ করতে হবে।
পূর্ববর্তী বিল দাখিল: পরবর্তী বার তেল সংগ্রহ করতে গেলে আগের বার তেল কেনার রশিদ বা বিলের কপি জমা দিতে হবে।
তথ্য যাচাই: মোটরবাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করার পরই তেল প্রদান করা হবে।
আন্তর্জাতিক বাজার থেকে নিয়মিত জ্বালানি আমদানির সূচি রয়েছে। দেশে তেলের পর্যাপ্ত মজুদ আছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিপিসি স্পষ্ট করে জানিয়েছে যে, সরকারের পক্ষ থেকে বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নেই। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে বা অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি খাতের এই নতুন শৃঙ্খলা বজায় রাখতে ভোক্তা এবং ডিলার- উভয় পক্ষকেই সহযোগিতার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
 

সানা/আপ্র/১০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬

জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ পূর্বাভাস

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ তাদের সাম্প্রতিক ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, ২...

১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি
২৮ এপ্রিল ২০২৬

১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি

আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।...

প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
২৬ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

প্রকল্প নিয়ে সাশ্রয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থ...

একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প
২৬ এপ্রিল ২০২৬

একনেকে অনুমোদন পেলো না সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প

সহসাই হচ্ছে না বাংলাদেশ সচিবালয়ে ২১ তলা বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণ কাজ। প্রকল্পটি একনেক সভায় অনুমোদন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই