রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়তে থাকায় এসব সবজির দামও তুলনামূলক কমেছে। শিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ ও পটলসহ বেশ কিছু সবজি মিলছে আগের চেয়ে কম দামে। তবে স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। কিছু মাছের জন্য ক্রেতাদের এখনও বাড়তি টাকা গুনতে হচ্ছে। পাইকারি বাজারে দাম বেশি থাকায় মুরগির দামও কমাতে পারছেন না খুচরা বিক্রেতারা।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁচামরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা এবং শিম ৭০ থেকে ৮০ টাকা। গোল বেগুনের কেজি ১০০ টাকা, আর লম্বা বেগুন ৮০ টাকা। এ ছাড়া কাঁকরোল ৬০, করলা ৭০, পটল ৫০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, কচুর মুখি ৬০ থেকে ৭০ এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩০ টাকায়।
গুলশানের কালাচাঁদপুর কাঁচাবাজারের আল্লাহর দান সবজি বিতানের বিক্রেতা জিসান আলম জানান, পাইকারি বাজারে সবজির দাম কমেছে। এ কারণে খুচরা বাজারেও কম দামে বিক্রি করতে পারছেন তাঁরা। সামনে সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।
অন্যদিকে, মাছের বাজারে এখনও চড়া দাম। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আকারভেদে রুইয়ের দাম ২৪০ থেকে ৩০০ টাকা এবং পাঙাশের কেজি ২০০ টাকা। পাবদা বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। ইলিশের দামও বেশ বেশি। এক কেজির বেশি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশের দামও কেজিপ্রতি এক হাজার টাকার নিচে নয়।
জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা জাকির হোসেন জানান, মাছের বাজারে দাম এখনও বেশ চড়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।
মুরগির বাজারেও দামের তেমন স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।
মায়ের দোয়া চিকেন হাউজের বিক্রেতা জিসান বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। পাইকারি দামে বাড়তি খরচ হওয়ায় তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের সংসার তাঁর। প্রতি সপ্তাহে একসঙ্গে বাজার করেন তিনি। সুমনের মতে, শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। তবে খোলা বাজারে আরও কম দামে সবজি পাওয়া যাচ্ছে।
নিজের কেনা সবজি দেখিয়ে সুমন বলেন, খোলা বাজার থেকে আধা কেজি কাঁচামরিচ ৩০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা এবং শিম ৬০ টাকায় কিনেছেন। বিভিন্ন সবজির দোকান থেকে এসব কিনতে গেলে আরও বেশি টাকা খরচ করতে হতো। তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম আগের সপ্তাহের তুলনায় তেমন কমেনি।
এসি/আপ্র/০৭/১১/২০২৬