খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে ঢেকে দিয়েছে অজ্ঞাতরা। একই দেয়ালে দেখা গেছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।
শনিবার (৭ নভেম্বর) সকালে খুলনা নগরীর শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে এ চিত্র দেখা যায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন দেয়ালে আঁকা হয় ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন ব্যক্তিদের গ্রাফিতি। এরই ধারাবাহিকতায় শিববাড়ী মোড় সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে স্থান পায় দেশের বিভিন্ন বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি। এসব ছবির মধ্যে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি। কিন্তু কে বা কারা রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখমণ্ডল কালো কালি দিয়ে ঢেকে দিয়েছে। পাশাপাশি দেয়ালে সাঁটানো হয়েছে রবীন্দ্রনাথবিরোধী কয়েকটি পোস্টার।
স্থানীয় বাসিন্দা আজাদ হোসেন বলেন, সংস্কৃতির স্মারক হিসেবে আঁকা এমন একটি প্রতিকৃতি কেনো করা হলো? এটা আসলে খুঁজে বের করা প্রয়োজন। এমনিতেই সামান্য ঘটনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি হয়। এই কালি দেয়ার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না খুঁজে দেখা উচিত।
স্থানীয় ব্যবসায়ি সামিউল হক বলেন, গ্রাফিতি ও ডিজাইনগুলো সিটি করপোরেশনের সৌজন্যে করা হয়েছে। এই গ্রাফিতি কোনো রাষ্ট্রবিরোধী হলে তো সিটি করপোরেশন অংকন করাতো না। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি ঘিরে কোনো গোষ্ঠী বিরোধি বা কোনো চক্রান্ত আছে কি না তা উন্মোচন করা উচিত।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। কেউ অভিযোগও করেননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এসি/আপ্র/০৭/১১/২০২৬