ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ’ - এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোফাখায়ের ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা জামায়াতের আমির মো. মুহাদ্দিস ডক্টর এনামুল হক আনোয়ারুল হক।
উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মিঠু সম্মেলন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী আমির ও হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলাম সৈকত। এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন এবং সাংবাদিক আজিজার রহমান উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব বিভাগের নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সানা/আপ্র/৬/১১/২০২৬