নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। নগরীর আগ্রাবাদ এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
কালো শপিং ব্যাগে ছিল অস্ত্র-গুলি: ডবলমুরিং মডেল থানার ওসি আরিফ ফয়সলের নেতৃত্বে শনিবার গভীর রাতে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির একপর্যায়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ।
সানা/কেএমএএ/আপ্র/১৮/১০/২০২৬