গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৯ এএম ২০২৬
সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
ছবি

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

বিরোধী দল সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তবে সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, এখন থেকে তাঁরা সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। সরকারের সেই সহযোগিতা গ্রহণের যোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক মুক্ত আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান। ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এ সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট দুপুরের আগপর্যন্ত বিএনপি মজলুম ছিল। কিন্তু নির্বাচনের পর শপথের দিন থেকেই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে।

বিএনপি ‘পোষা লোকদের’ দিয়ে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্ন তুলছে, বিরোধী দল এত আগে কেন আন্দোলন শুরু করেছে- এমন অভিযোগ করে জামায়াত আমির বলেন, বিএনপি জনগণের দেওয়া দুটি ভোটের মূল্যায়ন করলে সংসদের বাইরে গিয়ে বিরোধী দলকে আন্দোলন করতে হতো না। তারাই বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে।

পিএসসি কোনো মন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান নয়: বিএনপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরা মেধার অধিকার প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিলেন। কিন্তু সরকার একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস করার পর এবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দিকে হাত বাড়াচ্ছে।

কোনো কোনো মন্ত্রী পিএসসির সদস্যদের ডেকে পদত্যাগ করতে বলছেন বলেও অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, পিএসসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান নয়। পিএসসির সদস্যদের এ ধরনের কথা বলার অধিকার কোনো মন্ত্রীর নেই। তাঁর অভিযোগ, চাকরির এই জায়গাটি দলীয় লোকজন দিয়ে পূর্ণ করতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের পর রংপুরে গিয়েও একই কথা বলেছিলেন। এই টাকা রাষ্ট্রের কোষাগার থেকে যাবে, বিএনপির তহবিল থেকে নয়। তাই এ ধরনের বক্তব্য দেওয়া একধরনের অপরাধ।

সরকারি দলের সংসদ সদস্যদের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সংসদ সদস্যকে তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই বস্তাপচা রাজনীতির জন্য চব্বিশে গণ-অভ্যুত্থান হয়নি।’

পটুয়াখালীর বাউফল উপজেলায় সরকারি খাসজমিতে মহিষকে ঘাস খাওয়ানোর জন্য চাঁদা নেওয়ার অভিযোগের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘শেষ পর্যন্ত মহিষের ওপরও ট্যাক্স বসানো হচ্ছে। মহিষকেও টাকা দিয়ে ঘাস খাওয়াতে হবে। টাকা না দিলে বিষ দিয়ে মহিষ মেরে ফেলা হবে!’

বিরোধী দল বসে থাকবে না: সাত মাসের মধ্যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ‘জবাই করা হয়েছে’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, আগের স্বৈরাচারী সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বিরোধী দল মুখে আঙুল দিয়ে বসে থাকবে না। বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন।

বিএনপি বদলে গেলেও বিরোধী দল নিজেদের অবস্থান বদলাবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন তাঁরা। কারও চোখ রাঙানিকে ভয় করবেন না। তাঁদের আন্দোলনে জ্বালাও-পোড়াও হবে না; এ আন্দোলনের মধ্য দিয়েই নব্য ফ্যাসিবাদের পতন হবে।

বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, বিএনপির কাছে সবার আগে তারা নিজেরা, তাদের পরিবার, সন্তান, ভাগনে, ভাতিজা, শ্বশুর ও স্ত্রী। এই সিন্ডিকেটের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না।

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের মুখে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা শুনে মানুষ এখন বিরক্ত। সরকার এত দ্রুত প্রতিশ্রুতি থেকে সরে আসবে, তা দেশের মানুষ বুঝতে পারেনি। সরকার তাদের অতীত ভুলে গেছে। প্রতিশ্রুতি রক্ষা না করার পরিণতি শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শনিবার ১৪টি জায়গা পরিদর্শন করলেও রাড্ডার স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে কেন যাননি, সেই প্রশ্ন তোলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

বিএনপি আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র চালাতে চায়: জুলাই বিপ্লবের সময় রাজপথে গড়ে ওঠা অভূতপূর্ব ঐক্যে বিএনপি ফাটল ধরানোর চেষ্টা করছে এবং ইসলামপন্থীদের প্রথম লক্ষ্যবস্তু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, ৫০ বছর ধরে ইসলামপন্থীরা বিএনপিকে বিনা মূল্যে সহযোগিতা করে আসছেন। তাঁদের আশা ছিল, বিএনপি বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেবে। কিন্তু এখন মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা বাংলাদেশে জেঁকে বসা আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র পরিচালনা করতে চায়।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের প্রথম পর্ব শেষ হয়েছে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না করে বিএনপি যদি তা অব্যাহতভাবে অগ্রাহ্য করতে থাকে, তবে তাঁরা সংবিধান সংশোধনের বদলে পুনর্লিখনের দিকে অগ্রসর হবেন। এ আন্দোলন ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেয়েও ব্যাপক ও ভয়ংকর হবে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ধীরে ধীরে শেখ হাসিনার পথে পা বাড়াচ্ছেন। সরকারের সংবিধান সংশোধনের ‘ধাপ্পাবাজিতে’ বিরোধী দল পা দেবে না।

আলেম সমাজের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা যদি আমাদের সন্তানদের রক্তের সঙ্গে গাদ্দারি করি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না।’

আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জাতীয় নির্বাচনের আগে তারা কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল। এটি একধরনের ঘুষ, যার মাধ্যমে নির্বাচন প্রভাবিত হয়। স্থানীয় সরকার নির্বাচনের আগেও তারা একই কাজ করছে। এটিও নির্বাচনকে প্রভাবিত করবে।

অলি আহমদ বলেন, সরকার গদিচ্যুত হয়, এমন কিছু এখন পর্যন্ত বিরোধী দল করছে না। তাঁরা জনমত গড়ে তুলছেন এবং জনগণের দাবি আদায়ের চেষ্টা করছেন।

সভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সানা/কেএমএএ/আপ্র/১৮/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ
১৮ অক্টোবর ২০২৬

নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিবিদেরা নিজেদে...

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার
১৬ অক্টোবর ২০২৬

জনস্বার্থ রক্ষা না করলে দোয়া-ফুঁকে কাজ হবে না: পরওয়ার

জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে না পারলে দোয়া-ফুঁ দিয়ে কোনো কাজ হবে না বলে সরকারকে সতর্ক করেছেন বাং...

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না
১৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে না

ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে, অর্থের সমস্যা হবে নাডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষ...

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১৫ অক্টোবর ২০২৬

শ্রমিকদের ধর্মঘটে অনির্দিষ্টকাল উত্তরার পাঁচ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই