গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

প্রকাশিত: ০০:৩২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৯ এএম ২০২৬
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

আশির্বাদ রহমান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

এরপর কুড়িকৃবি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী মো. রায়হাত ও সামিয়া কাদেরীর সঞ্চালনায় এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। সভার শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান অগ্রগতি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আজ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুটি ব্যাচ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে দুটি অনুষদে তিনটি ব্যাচে মোট ২৪০ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রম বর্তমানে অস্থায়ী ভাড়া করা ভবনে চলছে। শিক্ষার্থীদের আবাসনের জন্যও ভাড়া করা আবাসিক ভবন ব্যবহার করা হচ্ছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্ধারণের কাজ শেষ হয়েছে। সেটিও শিগগির চালু করা হবে।

উপাচার্য বলেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য জায়গা নির্ধারণে গণমাধ্যমকর্মীসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীরা আরো ভালো পরিবেশে কৃষিশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কুড়িগ্রামের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নেও বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের জন্য ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়। এতে অনলাইনে বিভিন্ন পর্যায়ের বই ও শিক্ষাসামগ্রী পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রয়োজন হলে সেগুলো প্রিন্ট করেও পড়তে পারবেন। প্রাথমিকভাবে ই-লাইব্রেরিতে প্রায় ২ হাজার ৫০০টি বই যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে এর সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।

মৎস্য অনুষদের শিক্ষার্থী ফিরোজ আহমেদ বলেন, ই-লাইব্রেরি চালু হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আরো সহজ হয়েছে। বিভিন্ন বিষয়ের বই ও শিক্ষাসামগ্রী অনলাইনে পাওয়া যাবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী পড়াশোনা করতে পারবেন।

একই অনুষদের শিক্ষার্থী কুশরাত জাহান মাইশা বলেন, ই-লাইব্রেরি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষ করে সবসময় হাতে পাওয়া যায় না এমন বই অনলাইনে পড়ার সুযোগ থাকায় শিক্ষার্থীরা উপকৃত হবেন। ভবিষ্যতে এতে আরো বেশি বই ও গবেষণামূলক উপকরণ যুক্ত হবে বলে আশা করেন তিনি।


প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা আম, পেয়ারা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলমুন নাহারসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।
সানা/আপ্র/২৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ
২৩ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায়...

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন
২৩ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডুসহ তিনজ...

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ
২৩ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে যুবদলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে জেলা যুবদ...

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে
২২ সেপ্টেম্বর ২০২৬

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 25 মিনিট আগে