রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা’- এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “আমাদের রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া। সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা।”
সমাজের পরিবর্তন প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, “এক তালে যাবে না এটা। তবে আমরা চাই, বর্তমান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সমাজটা পরিবর্তন হোক। যে সমাজে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে এমন একটা জীবন কাটাতে পারবে, যেটা তাদের জন্য হবে অর্থবহ।”
দুর্নীতি দমনের বিষয়ে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ ও দেশের উন্নয়নের জন্য, এর মধ্যে আর্থ-সামাজিক উন্নয়নও রয়েছে। এ ছাড়া রয়েছে দুর্নীতি দমন।”
দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে হয়। দুর্নীতি করলে আমি আপনাদের (সরকারি কর্মকর্তা) মাধ্যমেই করব।”
উদাহরণ দিয়ে তিনি বলেন, “ধরেন, আমি যদি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা নিই, আপনাদের মাধ্যমেই নেব।”
দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও তা প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
তিনি বলেন, “দুর্নীতি সবসময় থাকবে, কম আর বেশি নিয়ে কথা। দুর্নীতি প্রতিরোধ আমাদের প্রধান দায়িত্ব।”
সানা/আপ্র/১৫/৯/২০২৬